২৭ জানুয়ারি ২০১৯

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে ট্রাকের ধাক্কায় খোকন দেব (৩৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে।
রোববার সকালে সিলেট-ঢাকা মহাসড়কের সোয়ারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত খোকন উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের একারাই গ্রামের ঝন্টু দেবের ছেলে।
স্থানীয়রা জানান, সিলেটে সিএনজি ফিলিং স্টেশন থেকে অটোরিকশা সিলিন্ডারে গ্যাস লোড করে ফিরছিলেন চালক খোকন দেব। সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার সোয়ারগাঁও এলাকায় এলে সিলেটগামী একটি ট্রাক তার অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন খোকন।
খবর পেয়ে ওসমানীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে তামাবিল হাইওয়ে থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করেন।
তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক মিয়া জানান, ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।