২৬ জানুয়ারি ২০১৯

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশপত্র উত্তোলনে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। প্রবেশপত্র প্রদানের সময় প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে ১০০ টাকা করে আদায় করছে বিদ্যালয় কর্তৃপক্ষ। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দাবি, মসজিদ উন্নয়নের জন্য এ টাকা নেওয়া হচ্ছে।
সর্বশেষ গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছে পরীক্ষার্থীরা।
এ বছর জনতা মডেল উচ্চ বিদ্যালয় থেকে ৫০১ জন এসএসসি পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করেছে। ফরম পূরণের সময় বোর্ড কর্তৃক নির্ধারিত এক হাজার ৪৫০ টাকার পরিবর্তে দুই হাজার থেকে দুই হাজার ৫০০ টাকা পর্যন্ত আদায় করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর বৃহস্পতিবার দুপুরে পরীক্ষার্থীরা প্রবেশপত্র সংগ্রহের জন্য বিদ্যালয়ে এসে জানতে পারে, ১০০ টাকার বিনিময়ে প্রবেশপত্র দেওয়া হচ্ছে। অনেক পরীক্ষার্থীই সেই টাকা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করেছে। যারা টাকা দিতে পারেনি বা দিতে চায়নি, তাদের প্রবেশপত্র দেওয়া হয়নি। ওই দিনই দুপুর ১টার দিকে অর্ধশতাধিক পরীক্ষার্থী উপজেলা পরিষদ চত্বরে এসে ভিড় করে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি লিখিতভাবে জানায়।
একাধিক পরীক্ষার্থী জানায়, পরীক্ষার ফরম পূরণের সময় বিদ্যালয়ের যাবতীয় পাওনা পরিশোধ করার পরও প্রবেশপত্র নেওয়ার সময় তাদের কাছে ১০০ টাকা করে দাবি করা হচ্ছে। এটা বিদ্যালয় কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতা ছাড়া আর কিছুই নয়।
এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেক খান বলেন, ‘কিছুদিনের মধ্যে বিদ্যালয়ের মসজিদের উন্নয়নকাজ শুরু হবে। এ জন্য ১০০ টাকা করে রাখা হচ্ছিল। যাদের সামর্থ্য নেই, তারা টাকা দেবে না। প্রবেশপত্র উত্তোলনের জন্য কোনো টাকা রাখা হচ্ছে না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, ‘পরীক্ষার্থীদের পক্ষ থেকে এ-সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে বিদ্যালয়ের শিক্ষক ও পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’