২২ জানুয়ারি ২০১৯

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি : হাওরাঞ্চলে খনিজ সম্পদ কয়লা। যা স্থানীয় ভাষায় কালামাটি নামে পরিচিত। আবার কেউ কেউ এটিকে কছম বলেও আখ্যায়িত করেন। মাটির উপরিভাগ থেকে প্রায় ১৫ থেকে ২০ হাত গভীরে গেলেই পাওয়া যায় এ কালা মাটি। কৃষির পাশাপাশি কালামাটি (কছম) হাওরের জনপদ শাল্লায় বাড়তি আয়ের উৎস হিসেবে যুক্ত হয়েছে। শাল্লা ছাড়াও দিরাই, দক্ষিণ সুনামগঞ্জ, জামালগঞ্জ ও জগন্নাথপুরের কিছু অংশে এ মাটি পাওয়া যায়।
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় এ মাটি সংগ্রহ চলছে প্রায় ৪০ বছর ধরে। বছরের ডিসেম্বর মাস থেকে শুরু হয়ে ফেব্রুয়ারী মাস পর্যন্ত চলে এ মাটি উত্তোলনের কাজ। এমাটি উত্তোলনের পাশাপাশি চলে তা শুকানোর কাজ।
এ ব্যাপারে শাল্লা উপজেলার বিভিন্ন লোকের সাথে কথা হয়। এলাকার প্রবীন লোকজনের ধারনা কোন একসময় এ এলাকায় প্রচুর গাছপালা ও বন-জঙ্গল ছিল। ভূমিকম্পের ফলে এসব গাছপালা মাটি চাপা পড়ে যায় কোনো একসময়। এ গাছগুলো দীর্ঘদিন মাটির নিচে থাকায় পচে মাটির সাথে মিশে এধরণের কয়লায় রূপান্তরিত হয়েছে। বর্তমানে এগুলোই এখন কালামাটি-কছম-কয়লা হিসেবে উত্তলন করা হচ্ছে।
শুকনো এ কালামাটি (কছম) স্থানীয় ব্যবসায়ীরা সংগ্রহ করে মজুদ রাখে। পরে বর্ষাকালে মজুদকৃত ওইসব কছম বস্তা হিসেবে বিভিন্ন স্থানে বিক্রি করেন। এমনই একজন কছম ব্যবসায়ী উপজেলার শাল্লা ইউনিয়নের শাল্লা গ্রামের আক্তার হোসেন জানান কৃষি কাজের পাশাপাশি তিনি এব্যবসা দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছেন এবং আর্থিকভাবে লাভবানও হয়েছেন।
ব্যবসায়ীদের ভাষ্যমতে, প্রতিবছর উপজেলায় প্রায় ১৫০০টন কছম উত্তোলন করা হয়। এসব কছম বা কয়লা ব্যবহার করা হয় জ্বালানি হিসেবে রান্নার কাজে। শাল্লা উপজেলা ছাড়াও বিভিন্ন উপজেলায় সরবরাহ করা হয় এসব কছম। প্রতি বস্তা (৩০ কেজি) বিক্রি করা হয় ১৩০ থেকে ১৫০ টাকায়।
সরজমিন ঘুরে দেখা যায় উপজেলার প্রায় বিশটি স্থানে এমাটি উত্তোলনের কাজ চলছে। এতে করে কর্মসংস্থান হয়েছে কয়েক হাজার শ্রমিকের।
কয়লা উত্তলন ও বিক্রি করে স্বাবলম্বী এ এলাকার ব্যাবসায়ীরা। কয়লা ব্যবসায়ীরা নিজের জমি বা অন্যের জমি লীজ নিয়ে উত্তোলন করেন এ সব কয়লা। তবে অনেকটা ঝুকি নিয়ে কয়লা উত্তলন করেন শ্রমিকরা। মাটির নিচে সুড়ং করে ১৫-২০ হাত গভীরে গিয়ে এ কয়লা সংগ্রহ করে শ্রমিকেরা। কোনোরূপ ব্যবস্থাপনা ছাড়াই বছরের পর বছর এমাটি উত্তোলন করছে এলাকার লোকজন। যেকোনো সময় মাঠি উত্তোলন করতে ঘটতে পারে ভূমি ধসের ঘটনা।