১৯ জানুয়ারি ২০১৯


শাবিতে ধর্ষণের চেষ্টা, ভ্যান চালক আটক

শেয়ার করুন

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলের পাশ্ববর্তী এক টিলায় শিশু ধর্ষণের চেষ্টার ঘটনায় ভ্যান চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা গেছে, ভ্যান চালক আব্দুস সালাম (৩৫)। তার বাড়ি ছাতকের গোবিন্দগঞ্জের পীরপুর।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুজতবা আলী হল সংলগ্ন টিলাতে ৬-৭ বছর বয়সী এক মেয়েকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত ব্যক্তি।

এ সময় মেয়ে কান্নাকাটি ও চিৎকার শুরু করলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও এলাকাবাসীরা তা টের পেয়ে সালাম নামের ঐ ব্যাক্তিকে আটক করে।

আটকের পর সে ধর্ষণের চেষ্টা করেছে বলে স্বীকারোক্তি দেয়। পরে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ সামিউল ইসলাম ঘটানাস্থলে উপস্থিত হয়ে আটককৃত ব্যক্তিকে পুলিশে হস্তান্তর করে।

এসময় সহকারী প্রক্টর মোহাম্মদ সামিউল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় এলাকায় কেউ কোন ধরণের অন্যায় কাজ করলে আমরা ছাড় দিব না। আমরা আটককৃত ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেছি। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন ধর্ষণের চেষ্টায় লিপ্ত থাকার অভিযোগে আমাদের কাছে এক ব্যক্তিকে হস্তান্তর করেছে। আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’

শেয়ার করুন