১৭ জানুয়ারি ২০১৯

নিজস্ব প্রতিবেদক : নগরীর উপকণ্ঠ শিববাড়ির আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযান পরবর্তী দায়ের করা মামলায় এই প্রথম আসামী হিসেবে তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তারা হলেন- জহুরুল হক, আর্জিনা বেগম ও হাসান।
বৃহস্পতিবার সিলেট মহানগর হাকিম মামুনুর রশীদ সিদ্দিকীর আদালতে তাদের রিমান্ড মঞ্জুর করা হয়। এই তিনজনই পূর্বে বিভিন্ন জঙ্গি মামলায় গ্রেপ্তার হওয়া আসামী।
এসএমপির অতিরিক্ত কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরীবিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর আবেদনের প্রেক্ষিতে তাদের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তার আগে বুধবার এ তিনজনকে ওই মামলার গ্রেপ্তার দেখানো হয়।
২০১৭ সালের ২৪ মার্চ থেকে আতিয়া মহলে শুরু হওয়া জঙ্গি অভিযান চলে ২৮ মার্চ পর্যন্ত। এ অভিযানে আতিয়া মহলের অভ্যন্তরে থাকা চার জঙ্গিই নিহত হয়। অভিযান চলাকালীন সময়ে ২৫মার্চ সন্ধ্যায় আতিয়া মহলের মাত্র ৪০০গজ দুরে দুটি গ্রেনেড বিস্ফোরিত হয়ে নিহত হন সাতজন।
এ সকল ঘটনায় পুলিশ বাদী হয়ে মোগলাবাজার থানায় দুটি পৃথক মামলা দায়ের করে। যা একই বছরের মে মাসের ১৩ তারিখ থেকে তদন্ত করছে পিবিআই।
পিবিআই সিলেটের অতিরিক্ত সুপার সারোয়ার জাহান জানান, এ দুটি মামলাতে এতদিন দৃশ্যত কোন অগ্রগতি না থাকলেও এটিই প্রথম অগ্রগতি। গ্রেপ্তার জহুরুল হক, আতিয়া মহলে জঙ্গি অভিযানে নিহত জঙ্গি মনজিয়ারা বেগম ওরফে মর্জিনা বেগমের ভাই এবং আর্জিনা বেগম জহুরুল হকের স্ত্রী। এই দুজনই চট্টগ্রামের সীতাকুন্ড জঙ্গি আস্তানার মামলার আসামী। এছাড়াও গ্রেপ্তারকৃত হাসান চান্দিনা ও মীরেরসরাই জঙ্গি মামলার আসামী।
প্রসঙ্হত, অভিযান চলাকালীন সময়ে ২৫ মার্চ সন্ধ্যায় আতিয়া মহলের কিছুদুরে আধাঘন্টার ব্যবধানে পরপর দুটি গ্রেনেড বিস্ফোরিত হয় যাতে তৎকালীন র্যাবের গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ, দুই পুলিশ কর্মকর্তা ও ৪জন সাধারণ মানুষ নিহত হন।