১৭ জানুয়ারি ২০১৯

গোলাপগঞ্জ প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ শেষ হতে না হতেই উপজেলা পরিষদ নির্বাচনের উপজেলা পরিষদ নির্বাচনের ডামাডোল বেজে উঠেছে। ফেব্রুয়ারিতে তফসীল ঘোষণার আভাস দিয়েছে নির্বাচন কমিশন। এরই মধ্যে গোলাপগঞ্জে সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী দৌড়ঝাপ শুরু করে দিয়েছেন। এবছর দলীয় প্রতীক নিয়ে নির্বাচন হবে। এনিয়ে নানা বিচার-বিশ্লেষণ শোনা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে।
আ’লীগ, বিএনপি ও জামায়াতের বেশ কয়েকজন সম্ভাব্য প্রার্থীদের নাম এ পর্যন্ত শোনা যায়। এবারের নির্বাচনে গোলাপগঞ্জে বড় দু-দলীয় মনোনয়ন প্রত্যাশী ও সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী তৎপরা শুরু করেছেন। এবছর প্রথমবারের মত দলীয় প্রতীকে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী মাঠে আ’লীগ, বিএনপি ও জামায়াতের প্রার্থীসহ কয়েকজন সম্ভাব্য প্রার্থীদের নাম শোনা যাচ্ছে । জাতীয় নির্বাচনের মত আ’লীগ ও বিএনপির দলীয় প্রতীক পেতে একাধিক প্রার্থী মনোনয়ন চাইবেন এমন আভাস পাওয়া যায়।
এবারের উপজেলা পরিষদ নির্বাচনে এ পর্যন্ত চেয়ারম্যান পদে বড় দু-দলের মনোনয়ন প্রত্যাশীসহ একাধিক সম্ভাব্য প্রার্থীর মধ্যে বেশ আলোচনায় রয়েছেন- আ’লীগ থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম শুয়েব, সিলেট জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হুমায়ূন ইসলাম কামাল, গোলাপগঞ্জ উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সিলেট মহানগর যুব-মহিলালীগের সভাপতি নাজিরা বেগম শীলা, উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আকবর আলী ফখর, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি শামছুল আলম লস্কর, জেলা আওয়ালীগের সদস্য ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মিছবাহ উদ্দিন, সিলেট মহানগর সেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহমদ ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমএ ওয়াদুদ এমরুল।
অপরদিকে বিএনপির কয়েকজন মনোনয়ন প্রত্যাশীদের নাম শোনা গেলেও অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে কিনা এ নিয়ে ভাবনার অবকাশ নেই সাধারণ ভোটারদের মনে। শেষ সময়ে বিএনপির প্রার্থীরা দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা তা কেন্দ্রীয় সিদ্ধান্তের দিকেই চেয়ে থাকবেন বলে জানান উপজেলা বিএনপির একাধিক নেতা।
তবুও এ পর্যন্ত বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশায় নাম শোনা যায়- উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী নছিরুল হক শাহিন, জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মাওলানা রশিদ আহমদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিলাল উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুমান উদ্দিন মুরাদ।
এছাড়াও সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন বর্তমান চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম ও সিনিয়র সাংবাদিক জাতীয় দৈনিক জাগরণ পত্রিকার নির্বাহী সম্পাদক দুলাল আহমদ চৌধুরী। উপজেলা নির্বাচন অফিসের তথ্য অনুসারে, গোলাপগঞ্জে একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় মোট ভোটার ২লক্ষ ২২হাজার ৫শত।