১৬ জানুয়ারি ২০১৯


শফি চৌধুরীকে নিয়ে বিএনপিতে কানাঘোষা

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক : সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুষ বিজয়ের পর যখন বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের পক্ষ থেকে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ করা হচ্ছে, ঠিক তখনই সিলেট-৩ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের পরাজিত প্রার্থী ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য শফি আহমদ চৌধুরী সিলেট-১ আসনে আওয়ামী লীগের নির্বাচিত এমপি ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। এ নিয়ে সিলেটে বিএনপির নেতাকর্মীদের মধ্যে কানাঘুষা চলছে।

মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে শফি আহমদ চৌধুরী নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সাথে তার বাসভবনে দেখা করে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

এঘটনার পর থেকেই শফি চৌধুরীকে নিয়ে বিএনপিতে কানাঘুষা শুরু হয়েছে। দলের নেতাকর্মীরা মনে করছেন বিএনপির এক সময়ের প্রবীন নেতা ইনাম আহমদ চৌধুরীর পথেই হাঁটছেন তিনি।

তবে শফি আহমদ চৌধুরী আজকের সিলেটকে বলেছেন ভিন্ন কথা।

তিনি বলেন, ড. মোমেনের বড়ভাই আমার বন্ধু, এজন্যই তাদের বাসায় গিয়েছিলাম, এটি পারিবারিক সম্পর্ক। ফুল দিলেই দল বদল করার সম্ভাবনা থাকেনা। এটি আমার বিরুদ্ধে মিথ্যাচার।

দলের নেতাকর্মীরা বিষয়টি ভালভাবে দেখছেন না এমন বিষয়ে দৃষ্টি আকর্ষন করা হলে বিএনপির এই পরাজিত প্রার্থী বলেন, যেসব নেতাকর্মী এটিকে ভালোভাবে দেখছেন না তারা অশিক্ষিত, তাদের শিক্ষার অভাব রয়েছে। লেখাপড়া জানলে ভালোভাবে দেখতেন। এটি আমার বিরুদ্ধে প্রতিপক্ষের ষড়যন্ত্র।

এর আগে নির্বাচনের তফসিল ঘোষনার পর সিলেট-১ আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী একইভাবে দলীয় মনোনয়ন পাওয়ার পর তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সাথে সাক্ষাত করতে তাদের বাসায় গিয়েছিলেন।

সাক্ষাতের পর ইনাম আহমদ চৌধুরীও একই সুরে বলেছিলেন- অর্থমন্ত্রীর পরিবারের সাথে আমার পারিবারিক সম্পর্ক রয়েছে। এখানে রাজনীতির কিছু নেই। কিন্তু বিএনপি তাকে চুড়ান্ত মনোনয়ন না দেয়ার ঘটনায় এর কয়েক দিন পরই তিনি আওয়ামী লীগে যোগদান করেন।

বিএনপির নেতাকর্মীরা মনে করছেন- শফি আহমদ চৌধুরীও ইনাম আহমদ চৌধুরীর পথে হাঁটছেন। যেখানে সারা দেশের নির্বাচন নিয়ে বিএনপি প্রশ্ন তুলেছে। এমনকি তার নির্বাচনী এলাকা সিলেট-৩ আসনে ভোটের দিন সংষর্ঘে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। সেখানে শফি চৌধুরীর এমন বিতর্কিত ভূমিকা দলের জন্য বিব্রতকর।

বালাগঞ্জ উপজেলা বিএনপির এক শীর্ষ নেতা নাম প্রাকাশ না করার শর্তে বলেন, নির্বাচনে ব্যাপক কারচুপি করার কারনে আমরা শফি চৌধুরীকে বিজয়ী করতে পারিনি। নির্বাচনের দিন জাল ভোট আটকাতে গিয়ে পুলিশের গুলিতে আমাদের উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেল নিহত হয়েছেন। সেই রক্তের দাগ শুকিয়ে যাওয়ার আগেই একই নির্বাচনের মাধ্যমে বিজয়ী এমপি ও মন্ত্রীকে তার ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর বিষয়টি সত্যিই বিব্রতকর। এটি আমাদের জন্য চরম লজ্জার।

নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির এক নেতা বলেন, যেখানে আমরা নির্বাচনকে সঠিক নির্বাচন হিসেবে স্বীকৃতি দিচ্ছিনা, সেখানে নিজে পরাজিত প্রার্থী হিসেবে অন্য বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর মানে হচ্ছে নির্বাচনকে বৈধতা দেয়া। শফি চৌধুরী দলকে কলংকিত করেছেন।

বিষয়টি নিয়ে জানতে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে বার বার যোগাযোগ করা হলেও বক্তব্য পাওয়া যায়নি।

সিলেট-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী প্রচার সেলের প্রধান ও সিসিক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী আজকের সিলেটকে বলেন, যতক্ষণ পর্যন্ত কোন বিষয় তার নির্দিষ্ট লক্ষ্যে না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত এটি নিয়ে মন্তব্য করা আমি সমিচীন বলে মনে করিনা।

জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন আজকের সিলেটকে বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। খোঁজ নিয়ে তার পর মন্তব্য করতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় আজকের সিলেটকে বলেন, এসব বিষয়ে আপাতত কোন বক্তব্য নেই। এখন কোন বিষয়েই কথা বলা যাবেনা।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েকদিন আগে সিলেট-১ আসনে বিএনপি থেকে প্রাথমিকভাবে মনোনয়ন পাওয়া ইনাম আহমদ চৌধুরীও তৎকালীন অর্থমন্ত্রী আব্দুল মুহিত ও ড. একে আব্দুল মোমেনের সাথে সৌজন্য সাক্ষাতে গিয়েছিলেন। পরবর্তীতে চূড়ান্ত মনোনয়ন না পেয়ে তিনি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।

আর এবার শফি চৌধুরী কর্তৃক ড. মোমেনকে ফুলেল শুভেচ্ছা জানানোর পর আবার সেই আলোচনাই উঠে আসছে। মানুষের মনে প্রশ্ন উঁকি দিচ্ছে- তবে কি ইনাম চৌধুরী মতো দলবদলের পথ খুঁজছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী?

শেয়ার করুন