১৩ জানুয়ারি ২০১৯

নিজস্ব প্রতিবেদক : নগরীর নবাব রোডস্থ নিরাময় পলি ক্লিনিকে সিজার করতে গিয়ে এক নবজাতকের মাথা কেটে যাওয়ার ঘটনায় সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়ের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- গাইনি বিশেষজ্ঞ ডা. শুক্রা রানী দাস ও জেলা স্যানেটারী পরিদর্শক সিগেন্দু সরকার।
রোববার সকালে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনাস্থল পরিদর্শন করে হাসপাতাল কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট ডাক্তার. প্রসূতি ও তার পরিবারের সাথে কথা বলেছে। কমিটি আগামী তিন দিনের মধ্যে কদন্ত রিপোর্ট জমা দেবে। পরিদর্শন কালে তদন্ত কমিটির সাথে ছিলেন কমিটির সচিব সিএস অফিসের প্রশাসনিক কর্মকর্তা গৌঁছ আহমদ চৌধুরী।
তদন্ত কমিটির প্রধান ও সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায় আজকের সিলেটকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি ঢাকায় ছিলাম। সিলেটে ফিরেই তদন্ত কমিটির সদস্যদের নিয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি। নবজাতক ও প্রসূতি এখন সুস্থ আছে। বিষয়টি নিয়ে দু’এক দিনের মধ্যেই রিপোর্ট দেয়া হবে।
প্রসঙ্গত, শুক্রবার দিবাগত রাতে গোয়াইনঘাট উপজেলার শালুটিকরের লামাপাড়া গ্রামের মো. জহিরুল হকের স্ত্রীর রাশেদা বেগমের সিজার অপারেশনের পর নবজাতকের মাথা কাটা দেখা যায়। এর পর নবজাতককে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।