১০ জানুয়ারি ২০১৯

হবিগঞ্জ প্রতিনিধি : দীর্ঘ এক সপ্তাহ লাইফ সাপোর্টে থাকার পর অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন শাহ্ শোয়েব আহমেদ (৪০)। হবিগঞ্জ জেলার নবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় বুধবার (২ জানুয়ারি) গুরুত্বর আহত হন তিনি।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে যাবার পর ডাক্তার তাকে লাইফ সাপোর্টে রাখেন। এক সপ্তাহ লাইফ সাপোর্টে থাকার পর অবশেষে (৯ জানুয়ারি) বুধবার রাত সাড়ে ৭টার দিকে মারা যান।
তার মৃত্যুতে পরিবারে ও সহপাঠিদের মধ্যে শোকের ছায়া নেমে আসেছে। নিহত শোয়েব উপজেলার করগাঁও ইউনিয়নের পাঠলী (বুরুঙ্গা) গ্রামের মৃত শাহ খোয়াজ আলীর পুত্র।
বৃহস্পতিবার (১০ জানুয়ারি) জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে বলে জানিয়েছে তার পরিবার।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন।