৬ জানুয়ারি ২০১৯

ক্রীড়া ডেস্ক : আজ দুপুর ১২ টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম সিলেট সিক্সার্স এর মধ্যকার এবারের বিপিএলের তৃতীয় ম্যাচ। বিপিএলের এই ম্যাচটিতে বাংলাদেশ সহ পুরো ক্রিকেট বিশ্বেরই অনেক মানুষের চোখ থাকবে। কারণ এই ম্যাচটির মাধ্যমেই যে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও ডেভিট ওয়ার্নার নিষেধাজ্ঞা শেষে বড় পর্দার ক্রিকেটে ফিরবেন। বল টেম্পারিংয়ের দায়ে নিষিদ্ধ থাকা সময়টাতে অস্ট্রেলিয়ার আঞ্চলিক কিছু টুর্নামেন্টে খেলে নিজেদের ফিট রেখেছিলেন তাঁরা।
দুইজনই প্রথমবারের মতো বিপিএল খেলতে এসেছেন। স্মিথ-ওয়ার্নারদের ব্যাটিং শৈলী দেখার অপেক্ষায় বাংলাদেশের দর্শকরা। বড় কোনো টুর্নামেন্টে প্রত্যাবর্তনের ম্যাচেই অধিনায়কত্বও করবেন ডেভিড ওয়ার্নার। নাসির, সাব্বির, তাসকিনদের মতো ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মারদের নিয়ে গড়া সিলেট সিক্সার্সের অধিনায়কত্বের গুরু দায়িত্বটা যে তাঁরই হাতে। তবে স্মিথ খেলবেন বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবালের অধিনায়কত্বে। স্মিথের সতীর্থ হিসেবে আছেন এভিন লুইস, শোয়েব মালিক, শহীদ আফ্রিদির মতো পরীক্ষিত বিদেশী খেলোয়াড়রা।
অস্ট্রেলিয়া জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টির ২৫ টি ম্যাচে ব্যাটিং করে স্মিথের মোট রান ৪৩১। গড়টা খুব আহামরি নয়- ২১.৫৫। স্ট্রাইকরেট ১২২.৪৪। সর্বোচ্চ ইনিংস ৯০ রান। এছাড়া বল হাতেও ১৭ ইনিংসে ১৭ টি উইকেট আছে স্মিথের ঝুলিতে। সেরা বোলিং ফিগার হলো ২০ রানের বিনিময়ে ৩ উইকেট।
ডেভিট ওয়ার্নার এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৭০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ৭০ ইনিংসে তাঁর সংগ্রহ ২৬.৭৫ গড়ে ১৭৯২ রান। স্ট্রাইকরেট দারুণ- ১৪০.১১। স্মিথের মতো ওয়ার্নারেরও এক ইনিংসে সর্বোচ্চ রান ৯০।
ওয়ার্নারকে সিলেট সিক্সার্সের আগে-ভাগেই দলে ভিড়ালোও স্মিথকে খুব সহজে পায়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। স্মিথকে নেয়ার জন্য যে বিপিএলের বাইলজই পরিবর্তন এসেছে। এখন দেখার বিষয় প্রত্যাবর্তনের টুর্নামেন্টটা তাঁরা নিজেদের আলোও রাঙিয়ে দিতে পারেন কিনা! তাদের দল ও দর্শকদের তো এটাই চাওয়া।