২৯ ডিসেম্বর ২০১৮

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চাতলাপুর সড়কের একটি আবাসিক হোটেলের গোসলখানা থেকে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুর আড়াইটায় তানজিম আবাসিক হোটেলের ৩য় তলার ২১১ নং কক্ষের গোসলখানা থেকে শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা যুবকের লাশটি উদ্ধার করে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, তানজিম আবাসিক হোটেলের পক্ষ থেকে দুপুরে ফোন পেয়ে ৩য় তলার ২১১ নং কক্ষের গোসলখানায় উপস্থিত হয়ে পড়ে থাকা এক যুবকের লাশ দেখতে পান।
হোটেলে ও রেজিষ্টার খাতা সূত্রে জানা যায়, মৃত ব্যক্তি সাইফুল ইসলাম (২৫) ব্যবসার কাজে গত ২৫ ডিসেম্বর দুপুরে শমশেরনগর এসে কয়েক ঘণ্টা বিশ্রামের জন্য হোটেলের ওই কক্ষটি বুকিং নিয়েছিলেন। রেজিষ্টারে তার ঠিকানা শ্রীমঙ্গল উল্লেখ করেন।
হোটেল বুকিংয়ের সময় বলা হয়েছিল তার এক পরিচিত লোক দেখা করতে আসবে। শনিবার দুপুর দেড়টার দিকে হোটেল মালিক অ্যাড. মাহবুবুর রহমান হোটেলের কক্ষগুলির পানির লাইন মেরামত করতে গিয়ে গোসলখানায় এ লাশটি দেখে পুলিশে খবর দেন।
হোটেল মালিক অ্যাড. মাহবুবুর রহমান বলেন, গত ২৫ ডিসেম্বর দুপুরে তার হোটেল ম্যানেজারের কাছে সাইফুল ইসলাম পরিচয় দিয়ে নিজের হাতে রেজিষ্টারে লিখে কয়েক ঘণ্টার জন্য কক্ষটি ভাড়া নিয়েছিলেন ওই যুবক। বেলা আড়াইটার দিকে হোটেল ম্যানেজারের অনুপস্থিতিতে ভাড়া নেওয়া ব্যক্তি হোটেলের অফিসে কক্ষের চাবি রেখে চলে যায়। ভাড়া নেওয়া ব্যক্তি চলে যাওয়ার পর থেকে আর এ কক্ষটি খোলা হয়নি। কক্ষের গোসলখানার পানির লাইন মেরামতের কাজ করতে গিয়ে শনিবার দুপুরে গোসলখানায় এক ব্যক্তির পড়ে থাকা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ওসি (তদন্ত) অরুপ কুমার চৌধুরী লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, সম্ভবত ৪/৫ দিন আগে কোনভাবে অবচেতন করে ওই যুবককে হত্যার পর চাকু দিয়ে দেহ ক্ষতবিক্ষত করে দুষ্কৃতিকারী নিরাপদে পালিয়ে গেছে। হোটেল থেকে হত্যায় ব্যবহৃত আলামত সংগ্রহ করা হয়েছে।