২৪ ডিসেম্বর ২০১৮

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনী প্রচারণায় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন সোমবার সিলেট আসার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি আসছেন না বলে জানা গেছে।
সিলেট এসে সিলেট-২ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী গণফোরাম নেতা মোকাব্বির খানের পক্ষে প্রচারণা চালানোর কথা ছিলো তাঁর। দুপুর ১২টায় গোয়ালাবাজারে ও বিকেল ৩টায় বিশ্বনাথে দুটি পথসভায় ভাষণ দেওয়ারও কথা ছিলো।
তবে রোববার রাতে গণমাধ্যমে প্রেরিত ড. কামাল হোসেনের কর্মসূচী থেকে জানা গেছে- দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। তাঁর কর্মসূচীতে সিলেট সফরের কথা উল্লেখ নেই।
তবে ড. কামাল হোসেন সিলেট আসছেন বলেই জানিয়েছেন ঐক্যফ্রন্টের সিলেটের একাধিক নেতা।
আর সিলেট মহানগর গণফোরামের সভাপতি অ্যাডভোকেট আনসার খান বলেছেন, ড. কামাল হোসেন আজ সিলেট আসার কথা রয়েছে। তাঁর না আসার ব্যাপারে এখনও আমাদের কিছু জানানো হয়নি।