২৩ ডিসেম্বর ২০১৮


এহিয়ার জন্য ভোট চাইলেন প্রধানমন্ত্রী

শেয়ার করুন

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি : সিলেট-২ আসনে মহাজোটের প্রার্থী ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়ার (লাঙ্গল) প্রতীকে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

শনিবার সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় সিলেট বিভাগের ১৯ আসনের মহাজোট মনোনীত সকল প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়ার সময় সিলেট-২ আসনে মহাজোটের লাঙ্গল প্রতীকের প্রার্থী জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়াকে পরিচয় করিয়ে দিয়ে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেন, ‘যদিও তার মার্কা লাঙ্গল, তবুও তাকে আপনারা লাঙ্গল মার্কায় ভোট দিন। নির্বাচন শেষে সকল লাঙ্গলকে নৌকায় নিয়ে আসবো।’

প্রসঙ্গত, নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে শনিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিলেট আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর তিনি হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরান (রহ.) ও সিলেটের প্রথম মুসলিম গাজী বুরহান উদ্দিনের মাজার জিয়ারত করেন।

আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা মাজার জিয়ারত শেষে জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য নগরীর সার্কিট হাউজে অবস্থান শেষে বেলা ৩ টা ১২ মিনিটে তিনি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা স্থলে পৌঁছান । এরপর বিকেল ৪ টা ৪ মিনিটে বক্তব্য শুরু করে ৪ টা ৩৮ মিনিট পর্যন্ত বক্তব্য দেন তিনি।

শেয়ার করুন