২২ ডিসেম্বর ২০১৮

নিজস্ব প্রতিবেদক : পূণ্যভূমি সিলেটে পৌঁছেই প্রথমে ওলিকুল শিরমনি হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরই তিনি হযরত শাহপরান (র.) ও গাজী বুরহান উদ্দিন (র.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।
এর আগে শনিবার সকাল ১০টা ৪৭ মিনিটে বিজি-১২১১ ফ্লাইটযোগে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।
সেখান থেকে সরাসরি শাহজালাল (র.) মাজারে যান জিয়ারত করতে।
দলীয় সূত্র জানায়, মাজার জিয়ারত শেষে সিলেট সার্কিট হাউসে মধ্যাহ্নভোজের পর বিকেল ৩টায় সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। সমাবেশ শেষে বিকেল সাড়ে ৪টার ফ্লাইটে তিনি ঢাকায় ফিরবেন।
শেখ হাসিনার এই জনসভাকে কেন্দ্র করে আলিয়া মাদ্রাসা মাঠে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি অনুসারেই মঞ্চের আকার ঠিক করা হয়েছে। জনসভার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
এদিকে শেখ হাসিনার এই সফরকে ঘিরে সিলেটজুড়ে আওয়ামী লীগের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।
তার এই সফর সিলেট বিভাগের ১৯টি আসনে আওয়ামী লীগকে জয় পেতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।