২১ ডিসেম্বর ২০১৮

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগমূহুর্তে আওয়ামী লীগে যোগদান করেই ভোটের মাঠে প্রচারনায় নেমেছেন সদ্য যোগদান করা বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী।
শুক্রবার বিকালে ধোপাদীঘিরপাড়স্থ হাফিজ কমপ্লেক্সে পেশাজীবী নেতৃবৃন্দের সাথে সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. এ কে মোমেনের মতবিনিময় সভায় তিনি উপস্থিত হন।
এসময় প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী বলেন- আওয়ামী লীগে যোগ দেওয়া তাঁর জীবনের সঠিক সিদ্ধান্তগুলোর মধ্যে একটি। ব্যক্তিগত কোন লাভের উদ্দেশ্যে নয়, মুক্তিযুদ্ধের আদর্শ বুকে লালন করে দেশের উন্নয়ন অগ্রযাত্রার পক্ষে থাকতেই আমার আওয়ামী লীগে যোগ দেয়া।
তিনি আরো বলেন- অনেক চিন্তা ভাবনার পর যখন বুধবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে আওয়ামী লীগে যোগ দেয়ার বিষয়টি জানালেন তখন শেখ হাসিনা খুশী হয়ে গনভবনে ডেকে নিলেন। এত ব্যস্ততার মাঝেও তিনি আমাকে দেড় ঘন্টার মত সময় দিলেন এবং সিলেটসহ সারাদেশের বিভিন্ন উন্নয়ন নিয়ে কথা বললেন।
বক্তব্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের স্বার্থে, উন্নয়নের স্বার্থে সিলেট-১ আসনসহ সারাদেশে নৌকা মার্কায় ভোট চান তিনি।
সভায় বক্তব্য রাখেন, সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. এ কে মোমেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
এর আগে গত বুধবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন সাবেক রাষ্ট্রদূত ও বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী। এসময় তিনি শেখ হাসিনার হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন।