১৯ ডিসেম্বর ২০১৮

ডেস্ক রিপোর্ট : সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা শাহীনুর পাশা চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আবাসন ব্যবসার কথা বলে যুক্তরাজ্যপ্রবাসী এক ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা করে ৩২ লাখ ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলা করা হয়। সেই মামলায় মঙ্গলবার বিকেলে সিলেটের অতিরিক্ত মুখ্য বিচারক হাকিম আদালত এই পরোয়ানা জারি করেন।
আদালতের সরকারী কৌশুলি (এপিপি) অ্যাডভোকেট মাহফুজুর রহমান বলেন, শাহীনুর পাশা সিলেট শহরে বসবাস করায় গ্রেফতারি পরোয়ানা তামিল করতে সিলেট কোতোয়ালী থানা ও তার নিজ এলাকা সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় পাঠানো হয়েছে।
এ সম্পর্কে জানতে শাহিনুর পাশার মোবাইল ফোনে বারবার কল করলেও তিনি রিসিভ করেননি।
জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী বলেন, ‘মঙ্গলবার বিকাল পর্যন্ত পাশা দক্ষিণ সুনামগঞ্জ এলাকায় নির্বাচনী প্রচারণায় ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানার খবর শুনে তিনি গা ঢাকা দিয়েছেন।’
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ চৌধুরী বলেন, ‘গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি শুনেছি। তবে আদালত থেকে কোনো কাগজপত্র আমাদের হাতে আসেনি।’
প্রসঙ্গত, ২০০৫ সালের ২০ জুলাই সুনামগঞ্জ-৩ আসনে উপনির্বাচনে শাহীনুর পাশা চৌধুরী চারদলীয় জোটের প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হয়েছিলেন। এরপর ২০০৮ সালে আওয়ামী লীগের প্রার্থী এমএ মান্নানের সঙ্গে ধানের শীষ প্রতীক নিয়ে প্রায় ৭৬ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন।
এবার বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী মনোনীত হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি নির্বাচন করছেন। তার প্রতিদ্বন্দ্বী মহাজোটের প্রার্থী বর্তমান সংসদ সদস্য, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।