১১ ডিসেম্বর ২০১৮

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : অবশেষে মহান মুক্তিযুদ্ধের দীর্ঘ ৪৭ বছর পর ফেঞ্চুগঞ্জে ‘৭১ এর বধ্যভূমি’ খ্যাত কাইয়ার গুদামে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। সাইনবোর্ডটি স্থাপন করেছেন ফেঞ্চুগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধার সন্তানরা।
মঙ্গলবার সকালে ফেঞ্চুগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি শেষে ফেঞ্চুগঞ্জের আলোচিত বধ্যভূমি ‘কাইয়ার গুদাম’ প্রাঙ্গণে বধ্যভূমির সাইনবোর্ড স্থাপন করা হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আব্দুল হাই নন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আহমদ জুবেলের পরিচালনায় বক্তব্য রাখেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শহিদুর রহমান রুমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আমির হোসেন, মুক্তিযোদ্ধা মোঃ আলী, ফয়জুল ইসলাম মানিক, মোঃ বাচ্চু মিয়া, নিম্বর আলী, খলকু মিয়া, আজমল হোসেন রইফ, শহিদ আলী, কবি হাজী মফজ্জিল আলী, প্রজন্ম ৭১ এর আহ্বায়ক এনায়েত হোসেন রুহেল, উপজেলা সন্তান কমান্ডের সহ-সভাপতি শফিউল আলম, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম রাসেল, নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ আলী বাচ্চু, আশরাফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, সন্তান কমান্ডের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন বাবু, রুকুনুজ্জামান, দেলওয়ার জাহান ইমন, রুহুল আমিন রুহেল ও রুহুল আমিন রনি প্রমুখ।
সভার শুরুতে ৩০ লাখ শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বক্তারা তাদের বক্তব্যে, ১৯৭১ সালের পাক হানাদার বাহিনীর র্টচারসেল খ্যাত ‘কাইয়ার গুদাম’ ও ইলাশপুরের ঢালায় রেল ব্রিজ ৭১ এর স্মৃতি হিসেবে সংরক্ষণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
উল্লেখ্য, দীর্ঘ ৪৭ বছর ধরে ফেঞ্চুগঞ্জবাসী, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড কাইয়ার গুদামকে সংরক্ষণ করে ফেঞ্চুগঞ্জের বধ্যভূমির সরকারি স্বীকৃতির জোর দাবি জানিয়ে আসছিলেন। এবারের বিজয় দিবসের প্রস্তুতি সভায় মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বধ্যভূমির স্থানটিতে একটি সাইনবোর্ড লাগানোর সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।