১১ ডিসেম্বর ২০১৮

নিজস্ব প্রতিবেদক : দুয়ারে কড়া নাড়ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। হাতেগুনা আর মাত্র ১৯ দিন বাকি।নগরীর প্রতিটি রাস্তার দু’পাশে, চায়ের স্টলে, বিপণি বিতানে, অফিস-আদালতের আঙ্গিনা জুড়ে চলছে নির্বাচনী আলোচনা। ইতিমধ্যেই প্রার্থীরা প্রতিক পেয়ে আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছেন। আর প্রচারণার বড় একটি মাধ্যম সাদাকালো পোস্টার সাঁটানো।
জাতীয় এ নির্বাচনকে কেন্দ্র করে সিলেটরে আকাশে চোখ তুলে রাস্তার যেখানেই তাকানো হোক না কেন, সবখানেই সাদা-কালো পোস্টার।
নির্বাচনকে সামনে রেখে পোস্টার, ব্যানার এবং ফেস্টুনে ছেয়ে গেছে এখন সব জায়গায়। আর নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার, বন্দরবাজারে রাস্তার এপাশ-ওপাশ ছড়িয়ে সাঁটানো পোস্টারের শিশির ভেজা সকালে চোখে পড়লে মনেহবে যেন কুয়াশার চাদরে আচ্ছন্ন হয়ে আছে পূণ্যভূমি সিলেট।
সরেজমিন দেখা গেছে, নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, প্রতিটি মোড়, বিদ্যুতের খুঁটিসহ বাসা-বাড়িতে সাঁটানো হয়েছে পোস্টার। এছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক স্লোগান সংবলিত ব্যানারও শোভা পাচ্ছে বিভিন্ন স্থানে। এ যেন উৎসবের নগরীতে পরিণত হয়েছে সিলেট।
নগরীর প্রতিটি পাড়া-মহল্লার পোস্টারে ছেয়ে। প্রার্থীদের কর্মী-সমর্থকসহ ভাড়া করা শ্রমিকরা রাতভর কাজ করে পোস্টার-ব্যানার লাগিয়েছেন। এছাড়া প্রতীক পেয়ে মাইকিং করে চষে বেড়াচ্ছেন প্রার্থীর কর্মীরা।
উল্লেখ্য, এবার সিলেট-১ ((সিটি কর্পোরেশন ও সদর উপজেলা) আসনে ১০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আওয়ামী লীগের ড. একে আব্দুল মোমেন (নৌকা), বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির (ধানের শীষ), মাহবুবুর রহমান চৌধুরী (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রেদওয়ানুল হক চৌধুরী (হাতপাখা), ইসলামী ঐক্যজোটের (আইওজে) মুহম্মদ ফয়জুল হক (মিনার), ন্যাশনাল পিপুলস পার্টির ইউসুফ আহমদ (আম), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উজ্জল রায় (কোদাল), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ এর প্রণব জ্যোতি পাল (মই), বাংলাদেশ মুসলিম লীগের মো. আনোয়ার উদ্দিন বুরহানাবাদী (হারিকেন), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মাওলানা নাসির উদ্দিন (বটগাছ) প্রতীক পান।
এ আসনে ভোটার সংখ্যা ৫ লাখ ৪৩ হাজার ৫৩০ জন।