৯ ডিসেম্বর ২০১৮


সুষ্ঠু পরিবেশ থাকলে অবশ্যই বিজয়ী হবো : মুক্তাদির

শেয়ার করুন


নিজস্ব প্রতিবেদক : সিলেট-১ আসনে (সদর ও সিটি করপোরেশন এলাকা) বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ও দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেটে দলীয় অনৈক্য নেই। পদপ্রত্যাশী অনেক থাকলেও সিদ্ধান্ত বাস্তবায়নে আমরা সবসময় এক। যা সিলেট সিটি করপোরেশনের বিগত দুই নির্বাচনে আমরা প্রমাণ করেছি। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ থাকলে আমরা অবশ্যই বিজয়ী হবো।

রোববার দুপুরে তিনি দলের নেতাকর্মীদের সাথে নিয়ে এসে সিলেটের জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কাজী এমদাদুল হকের কার্যালয়ে চূড়ান্ত মনোনয়ন জমা দেন।

বিএনপির মনোনয়ন বঞ্চিতদের দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খন্দকার মুক্তাদির বলেন, তিনশত আসনের বিপরীতে দেশে তি হাজারেরও বেশি পদপ্রত্যাশী ছিলো। কিন্তু সবাইকেতো আর মনোনয়ন দেয়া যায় না। তাই দল বুঝে শুনেই তিনশত আসনে তিনশত প্রার্থীকে মনোনয়ন দিয়েছে।

নির্বাচনে জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি নেয়াহেত সাধারণ মানুষ। আমার জনসমর্থন রয়েছে। মানুষের দোয়া এবং সমর্থনের কারণে জনতার ঢল যখন নামবে তখন আমাদেরকে আটকানো যাবে না।

এদিকে, খন্দকার আব্দুল মুক্তাদিরের চূড়ান্ত এ মনোনয়নপত্র দেয়ার সাথে সাথে জাতীয় সংসদের মর্যাদাপূর্ণ সিলেট-১ আসন হতে আপনা আপনি মনোনয়ন বাতিল হবে অপর প্রার্থী ইনাম আহমেদ চৌধুরীর।

প্রসঙ্গত, জাতীয় সংসদের মর্যাদাপূর্ণ এ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরীকে মনোনয়ন দেয়।

শেয়ার করুন