৩ ডিসেম্বর ২০১৮
সিকৃবি প্রতিনিধি : বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার একযুগ পর প্রথম নারী ডিন পেলো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)। কৃষি প্রকৌশলী ও কারিগরি অনুষদের ডিন হিসেবে সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. সানজিদা পারভিন রিতুকে ডিন পদে নিয়োগ দেওয়া হয়। গত রবিবার এক অফিস আদেশের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়।
সোমবার আনুষ্ঠানিকভাবে তাঁকে ডিনের দায়িত্ব হস্তান্তর করা হয়। অনুষদের দ্বিতীয় ডিনের দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি সদ্য বিদায়ী অনুষদের প্রথম ডিন প্রফেসর ড. পীযুষ কান্তি সরকার এর স্থালাভিষিক্ত হন।
নবনিযুক্ত ডিন ড. সানজিদা পারভিন রিতু ১৯৯৭ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাস করেন। ২০০০ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে সেচ ও পানি ব্যবস্থাপনার বিষয়ে এমএস ও ২০১২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তার কর্মজীবন শুরু হয় ১৯৯৯ সালে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (BRRI) এবং একই প্রতিষ্ঠানে ২০০৬ সাল থেকে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তারপর ১ বছরের জন্য জাতিসংঘের ‘ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন(FAO)’-এ ন্যাশনাল ইরিগেশন এক্সপার্ট হিসাবে নিযুক্ত ছিলেন তিনি। ২০১৩ সালে তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে নিযুক্ত হন এবং ২০১৭ সালে পদোন্নতি পেয়ে একই বিভাগের প্রফেসর পদে নিযুক্ত হন।