২৭ নভেম্বর ২০১৮


সিলেট ২ আসনে ইয়াহইয়াকে সমর্থন দিলেন আনোয়ারুজ্জামান

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : বহুল আলোচিত সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে মহাজোট মনোনীত প্রার্থী জাপার বর্তমান সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়াকে সমর্থন দিয়ে শেখ হাসিনা মনোনীত মহাজোটের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করার আহবান জানিয়েছেন। এনিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে আবগেপ্রবন একটি স্ট্যাটাস দিয়েছেন এই আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ও যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।

এর আগে এই আসনে আওয়ামীলীগের প্রার্থী ঘোষনা না করায় দলের দুই মনোনয়ন প্রত্যাশী শফিকুর রহমান চৌধুরী ও আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থকরা দলের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ করেন। এই বিক্ষোভের কয়েক ঘন্টা পরই আনোয়ারুজ্জামান চৌধুরী নিজের অবস্থান ব্যাখ্যা করে ফেইসবুকে স্ট্যাটাস দেন।

আজকের সিলেট-এর পাঠাকদের জন্য স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

আমার প্রাণপ্রিয় সিলেট-২ আসনের সর্বস্তরের জনগণ, আমার প্রাণাধিক ওসমানীনগর বিশ্বনাথের নেতা কর্মীবৃন্দ, দেশ বিদেশের আমার শ্রদ্ধাভাজন মুরুব্বিগণ, স্নেহের অনুজ, শুভাকাঙ্ক্ষীবৃন্দ…….

আপনাদের অবগতির জন্যে জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বৃহত্তর স্বার্থে জাতীয় রাজনীতির অংশ হিসেবে বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠা করতে আগামী সংসদ নির্বাচনে সিলেট-২ আসন নৌকার পরিবর্তে মহাজোটের শরীক দলকে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আমি জানি আপনারা অনেক আশা নিয়ে অপেক্ষা করেছিলেন ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকার প্রার্থী কে ভোট দেয়ার। আপনারা বিগত কয়েক বছর সিলেট-২ আসনে নৌকার অবস্থান শক্তিশালী করার জন্যে আমাকে নিয়ে এলাকার তরুণ বৃদ্ধ যুবারা সহ মানুষের দোয়ারে দোয়ারে গিয়েছেন, সরকারের উন্নয়নের সুফল মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, সভা সমাবেশ উঠান বৈঠক মতবিনিময়ের মাধ্যমে মাননীয় নেত্রীর বার্তা প্রচার করেছেন, বিপদে আপদে মানুষের পাশে থেকেছেন, মানুষের সুখ দু:খ দাবী দাওয়া প্রয়োজন জেনে সেই অনুযায়ী কাজ করেছেন।

ওসমানীনগর বিশ্বনাথের আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবকলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ, পেশাজীবীবৃন্দ, শিক্ষক শিক্ষিকা বৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, আলেম ওলামাবৃন্দ, সাংস্কৃতিক ব্যাক্তিবৃন্দ সবাই আমার সাথে ছিলেন। একিভূত হয়ে কাজের মাধ্যমে আমরা দৃষ্টান্ত স্থাপন করেছি।

আপনারা জানেন আমাদের প্রাণাধিক সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কীভাবে স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী গোষ্ঠীকে মোকাবেলা করে মানুষের স্বপ্ন বাস্তবায়িত করে ডিজিটালাইজেশনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আগামী নির্বাচনেও অপশক্তিকে পরাজিত করার জন্যে আমাদের নেত্রী স্বাধীনতার স্বপক্ষের শক্তি নিয়ে মহাজোট গঠন করেছেন। দেশের অন্যান্য কিছু সংসদীয় আসনের মতো নেত্রী সিলেট-২ সংসদীয় আসন মহাজোটের শরীক দলকে দিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

অনেকেই হয়তো দলের এই সিদ্ধান্তে অখুশি হয়েছেন, ব্যথিত হয়েছেন, হয়তো কষ্ট পেয়েছেন। কিন্তু আমরা দলের একনিষ্ঠ কর্মী, জননেত্রী শেখ হাসিনার যেকোনো সিদ্ধান্ত আমরা বিনাবাক্যে মেনে নেই।

সেই স্কুল জীবন থেকে ছাত্র রাজনীতির মধ্য দিয়ে আজ পর্যন্ত আমি আপনাদের সাথে আছি। কোনো এমপি হতে নয় কিংবা কোনো জনপ্রতিনিধি হতে নয়, শুধু আপনাদের ভালোবেসে দলের জন্যে কাজ করার প্রয়াসে এলাকার উন্নয়নে অবদান রাখার জন্যে আমি আপনাদের সাথে আছি।

আমার এই পথ চলায় আপনাদের যে সমর্থন যে ভালোবাসা আমি পেয়েছি তার জন্যে আমি ও আমার পরিবার আপনাদের কাছে গভীরভাবে কৃতজ্ঞ। আমার বৃদ্ধা মা আমার স্ত্রী সন্তান ভাইদের পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। ওয়াদা করছি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি আপনাদের পাশে থাকবো।

আগামী নির্বাচনে শেখ হাসিনার নির্বাচিত প্রার্থী কে বিজয়ী করার জন্যে সর্বশক্তি দিয়ে আমাদের কাজ করে যেতে হবে। আমরা সবাই একত্রে মিলে আবারো ইনশাআল্লাহ শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় এনে দেশের উন্নয়ন যাত্রা অব্যাহত রাখবো।

আমাদের আস্থা ও একমাত্র ঠিকানা জননেত্রী শেখ হাসিনা।

জয় বাংলা জয় বঙ্গবন্ধু

শেয়ার করুন