২৫ নভেম্বর ২০১৮
হবিগঞ্জ প্রতিনিধি : সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
রোববার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।
সংগঠনের সদর উপজেলা সভাপতি চৌধুরী মিজবাহুল বারী এতে লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সরকারের বিভিন্ন বিভাগসহ অংশীজনদের নিয়ে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে। সফল নির্বাচন অনুষ্ঠানের ভালো দৃষ্টান্তসমূহ অনুসরণ করতে হবে। সব দল ও প্রার্থীর জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। মনোনয়নপত্রের সাথে প্রার্থীর প্রদত্ত হলফনামা ও আয়কর বিবরনীসমূহ সংগ্রহে আগ্রহীদের সরবরাহ করতে হবে এবং দ্রুত ওয়েবসাইটে আপলোড করতে হবে।
এছাড়া ভোটারদের প্রতি তিনি আহ্বান জানান, যেন তারা সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীদের নির্বাচিত করেন।
সংবাদ সম্মেলনে তারা প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান, ভোটারদের মধ্যে তথ্যচিত্র বিতরণ, সাংস্কৃতিক কর্মকান্ডের মধ্য দিয়ে প্রচারণা, মানববন্ধন ও পদযাত্রা এবং প্রচারণায় সোশাল মিডিয়া ব্যবহার করবেন বলে জানান।