২২ নভেম্বর ২০১৮
নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী এবং হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গৌছসহ ১০ আসামী হাজির হলেও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ ফের পিছিয়েছে।
বৃহস্পতিবার মামলার কোন সাক্ষী হাজির না হওয়ায় সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজাউল করিম সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে আগামী ৭ জানুয়ারি ধার্য্য করেন।
সংশ্লিষ্ট আদালতের পিপি এডভোকেট কিশোর কুমার কর জানান, বৃহস্পতিবার মামলার কোন সাক্ষী না আসায় এবং ঢাকা কারাগারে বন্দী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও শেখ ফরিদ আহমদ সেলিমকে হাজির না করায় আদালত সাক্ষ্য গ্রহণের নয়া তারিখ ধার্য্য করেন।
বৃহস্পতিবার আদালতে জামিনে থাকা সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী এবং হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে উপস্থিত ছিলেন। হাজির করা হয় কারাবন্দী ৮ আসামীকে। তবে, জামিনে থাকা হবিগঞ্জের বিএনপি নেতা কাইয়ুম, জয়নাল আবেদীন, মুমিন ও সেলিম আদালতে অনুপস্থিত ছিলেন।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষে ফেরার পথে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া ও তার ভাতিজা শাহ মঞ্জুর হুদাসহ পাঁচজন। এ ঘটনায় একটি হত্যা মামলা এবং একটি বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়। সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে হত্যা মামলার বিচার চলছে।