২১ নভেম্বর ২০১৮
নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করার লক্ষে দেশের প্রায় সকল রাজনৈতিক দলই নিজ নিজ তৎপরতা অব্যাহত রেখেছে। বড় দুই দলের প্রার্থীরা এখনো চুড়ান্ত না হলেও তারা নির্বাচন কমিশন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আর দলের সিদান্তের পরই এসব প্রার্থীরা নিজেদের মনোনয়নপত্র জমা দিবেন। আর দলীয় প্রার্থীদের পাশাপাশি মনোনয়নপত্র সংগ্রহে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরাও।
মঙ্গলবার পর্যন্ত সিলেটে জেলার ছয়টি আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস ও স্বতন্ত্র হিসেবে তিন জামায়াত নেতাসহ ২৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এপর্যন্ত রিটার্নিং কর্মকর্তার দফতর থেকে মনোনয়ন সংগ্রহ করেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের চার প্রার্থী। খেলাফত মজলিসের দুই এবং স্বতন্ত্র প্রার্থী আটজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সর্বশেষ মঙ্গলবারে মনোনয়ন সংগ্রহ করেছেন দুইজন, সোমবারে ছয়জন এবং রোববার ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে নিশ্চিত করেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. খুরশেদ আলম।
ছয়টি আসনের মধ্যে সিলেট-১ আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের রেদওয়ানুল হক ও স্বতন্ত্র প্রার্থী মো. শাহজাহান মিয়া।
সিলেট-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান। বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইলিয়াস পত্নী তাহসীনা রুশদীর লুনা, মো. আবরাব ইলিয়াস। জাতীয় পার্টির ইয়াহইয়া চৌধুরী এহিয়া, খেলাফত মজলিসের মুনতাছির আলী, স্বতন্ত্র প্রার্থী মো. আমির উদ্দিন ও এনামুল হক।
সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মো. আব্দুস সালাম, জাতীয় পার্টির উছমান আলী, খেলাফত মজলিসের দিলওয়ার হোসাইন, ইসলামী আন্দোলনের আব্দুল মতিন বাদশা, স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা সাবেক দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ ও স্বতন্ত্র প্রার্থী জুনায়েদ।
সিলেট-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান সংসদ সদস্য ইমরান আহমদ, জাতীয় পার্টির এম. ইসমাইল আলী আশিক ও ইসলামী আন্দোলনের মো. জিল্লুর রহমান।
সিলেট-৫ আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী সাবেক জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাব্বির আহমদ, স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা সাবেক সংসদ সদস্য ফরিদ উদ্দিন ও ফয়জুল মুনীর।
সিলেট-৬ আসনে বিএনপির ফয়ছল আহমদ চৌধুরী, বাংলাদেশ ইসলামী আন্দোলনের আজমল হোসেন ও জামায়াত নেতা স্বতন্ত্র প্রার্থী মাওলানা হাবিবুর রহমান।