১৬ নভেম্বর ২০১৮
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় ইমন আহমদ (২৭) নামে এক যুবককে বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ইমন আহমদ ওই এলাকার বাতির মিয়ার ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। এরা হলেন- একই এলাকার লুতফুর রহমান অরুণ, দিপু, নোমান ও জহিরুল ইসলাম।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বরমচাল ইউনিয়নের খাদিম পাড়ায় এ হত্যার ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, শত্রুতার জের ধরে প্রতিপক্ষের সঙ্গে ইমনের পরিবারের সদস্যদের কথা কাটাকাটি হয়। পরে স্থানীয় লোকজন তা সমাধানের আশ্বাস দেন। তার কিছুক্ষণ পরই ওই এলাকার লুৎফর রহমান অরুণ গং এসে ইমনের বাড়িতে হামলা চালায়। এসময় তারা ধারালো দা দিয়ে ইমনকে এলোপাতাড়ি কোপায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জড়িত সন্দেহে চারজনকে আটক করে।
কুলাউড়া থানার এএসআই নাজমুল হাসান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জড়িত সন্দেহে চারজন আটকের বিষয়টি নিশ্চত করেছেন তিনি।