১১ আগস্ট ২০১৭
নিজস্ব প্রতিবেদক : শনিবার থেকে শুরু হচ্ছে ওলিকুল শিরমনি হযরত শাহজালাল (রহ.)-এর ৬৯৮তম ওরস। বাদ ফজর থেকে শুরু হওয়া এই ওরস রবিবার বাদ ফজর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। ওরস উপলক্ষ্যে মাজার এলাকায় নিচ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি সার্বিক পরিস্থিতি মনিটরিংয়ে থাকছে অর্ধশতাধিক সিসি ক্যামেরা।
মাজার এলাকা ঘুরে দেখা যায়, বনৃহষ্পতিবার রাত থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে মাজারে আসতে শুরু করেছেন ভক্ত আশেকানরা। মাজার ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন পুলিশ ও র্যাব-৯।
পুলিশ সূত্রে জানা গেছে, ওরসকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে লাখো ভক্তরা মাজারে আসতে শুরু করেছেন। পুলিশের নজরদারি ও কার্যক্রমও শুরু হয়েছে। আর শুক্রবার থেকে পুলিশ ও র্যাব মাজারকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করছে পুরোদমে। এর জন্য আরআরএফ ও এপিবিএনের সাড়ে শতাধিক পুলিশ সদস্যও নিয়োজিত থাকবেন। এদিকে, ওরস উপলক্ষে নগরীতে যেন যানজট তৈরি না হয়, তা নিশ্চিত করতেও ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে।
সংশ্লিস্ট সুত্র জানায়, মমাজার এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে পুরো মাজার এলাকায় এরই মধ্যে স্থাপন করা হয়েছে ২০টি সিসি ক্যামেরা। ওরস শুরু হওয়ার আগে আরও ৩০ থেকে ৪০টি ক্যামেরা বসানো হচ্ছে। মাজারকেন্দ্রিক হোটেলগুলোর মনিটরিং করছেন সাদা পোশাকের পুলিশ। এছাড়া, সিলেট নগরীর প্রবেশমুখ দক্ষিণ সুরমা থেকে নগরীর গুরুত্বপূর্ণ সব পয়েন্টে বসানো হবে পুলিশের চেকপোস্ট।
সিলেট মহানগর পুলিশের মূখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, শাহজালাল (রহ.) এর ওরস মোবারককে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যেই পুলিশ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে তৎপরতা শুরু করেছে। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেদিকে লক্ষ রেখে সিলেট মহানগর পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। দায়িত্ব পালনে কেউ গাফিলতি করলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। ওরসে আগতদের নিরাপত্তার জন্য ৫০টি সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে।
মাজার কর্তৃপক্ষ জানায়, রেওয়াজ অনুযায়ী ওরসের দিন সকাল ৯টা থেকে শুরু হবে মাজারে গিলাফ চড়ানো। চলবে বিকাল পর্যন্ত। পরদিন আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ওরসের আনুষ্ঠানিকতা।
উল্লেখ্য, ইসলাম প্রচারের জন্য হযরত শাহজালাল (রহ.) ১৩০৩ খ্রিস্টাব্দে ৩৬০ সফরসঙ্গী নিয়ে সিলেট আসেন। ১৩৪৬ খ্রিস্টাব্দের ১৯ জিলকদ তিনি ইন্তেকাল করেন। সিলেটে তিনি যে টিলায় বসবাস করতেন, সেখানেই তাকে দাফন করা হয়। তার কবরকে ঘিরেই পরে গড়ে উঠেছে মাজার।
(আজকের সিলেট/১১ আগষ্ট/ডি/এসটি/ঘ.)