২ নভেম্বর ২০১৮
ক্রীড়া ডেস্ক : সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে টেস্ট ক্রিকেট ম্যাচ। স্টেডিয়াম উদ্বোধনের পাঁচ বছরের মাথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম টেস্ট ম্যাচ। এর আগে একটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও শ্রীলঙ্কা জাতীয় দলের মধ্যে।
এছাড়া বিপিএল, টি-২০ বিশ্বকাপ, যুব বিশ্বকাপের বাইরেও অনুষ্ঠিত হয়েছে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ। দেশের অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে আগামি ৩ নভেম্বর জিম্বাবুয়ে ও বাংলাদেশের মধ্যেকার টেস্ট সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে এই মাঠের টেস্ট ক্রিকেট যাত্রা।
এদিকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রধান ফটকের চারটি বুথে আজ শুক্রবার সকাল ১০ টা থেকে টিকিট বিক্রির কার্যক্রম শুরু হবে।
সর্বোচ্চ ৫০০ টাকায় মিলবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেট। ক্লাব হাউজের টিকেট মিলবে ২০০ টাকায়। এছাড়া ইষ্টার্ন গ্যালারি ৮০, ওয়েষ্টার্ণ গ্যালারি ও গ্রীণ গ্যালারির টিকেট মিলবে ৫০ টাকায়।
ইউক্যাশের মাধ্যমে টিকেট কিনতে পারবেন ক্রিকেট প্রেমিরা। এছাড়া ম্যাচের আগের দিন ও ম্যাচ চলাকালিন সময়ে প্রতিদিনের টিকেট প্রতিদিন ক্রয় করতে পারবেন দর্শকরা স্টেডিয়ামের বুথ থেকে।