১ নভেম্বর ২০১৮
হবিগঞ্জ প্রতিনিধি : জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জে পালিত হয়েছে জাতীয় যুব দিবস-২০১৮। এ উপলক্ষে আলোচনা সভা, বৃক্ষ রোপন, মাছের পোনা অবমুক্তকরণ, রক্তের গ্রুপ পরীক্ষা, চেক, সনদপত্র এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার দুপুরে শহরতলীর ধুলিয়াখালস্থ যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-৩ (সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মর্জিনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্যা (বিপিএম-সেবা) ও হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী। আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক ফখর উদ্দিন।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের টেকনোলজিস্ট ইমতিয়াজ তুহিন।
এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে জাতীয় যুব দিবসের উদ্বোধন করেন। পরে বিভিন্ন প্রশিক্ষণে সেরাদের মাঝে সনদপত্র বিতরণ, গাছের চারা রোপ, প্রশিক্ষণার্থীদের মাঝে আত্মকর্মসংস্থানের স্বার্থে ঋণ বিতরণ এবং অধিদপ্তরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।