২৯ অক্টোবর ২০১৮
নিজস্ব প্রতিবেদক : বেসরকারী উন্নয়ন সংস্থা ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপম্যান্ট অব বাংলাদেশ (এফআইভিডিবি)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক যেহীন আহমদের দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার বাদ জোহর হযরত শাহজালাল (র.) মাজার মসজিদে নামাজে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।
এর আগে রোববার ভোর ৬টা ৫০ মিনিটের সময় ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে তিনি ইন্তেকাল করেন ।(ইন্না…রাজিউন)। তার মরদেহ সন্ধ্যায় সিলেটে এনে তাঁর বাসভবনে রাখা হয়।
তাঁর ভাগ্নে ও কিডনী রোগের প্রখ্যাত চিকিৎসক ডাঃ নাজমুস সাকীব জানান, তিনি দীর্ঘদিন ধরে কিডনী রোগে ভুগছিলেন। সম্প্রতি চেকআপের জন্য ঢাকায় যান এবং সেখানে হঠাৎ করে নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে লাইফ সাপোর্টে নেন চিকিৎসকরা। সব চেষ্টা ব্যর্থ করে তিনি না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।
তার আকস্মিক মৃত্যুর সংবাদে দেশের এনজিও ও সুশীল সমাজের বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশের তৃণমূল পর্যায়ে স্বেচ্ছাশ্রমী সংগঠন ও কর্মীবাহিনী উন্নয়নে যেহীন আহমদের অবদান স্মরণ করে এরই মধ্যে বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ প্রকাশ করেছেন।
চির কুমার যেহীন আহমদ সিলেটের আলোকিত ব্যক্তিদের মধ্যে অন্যতম। সমাজের তৃণমূল পর্যায়ে উন্নয়নে তাঁর অসামান্য অবদান রয়েছে । তার আমৃত্যু কর্মস্থল এফআইভিডিবি-তে কর্মরত সহ¯্রাধিক কর্মীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।