২৬ অক্টোবর ২০১৮
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় মামুন মিয়া (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মামুন সদর হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের মৃত নূর আলীর ছেলে। তিনি উপজেলা কৃষক লীগ সভাপতি জামাল সর্দারের ছোট ভাই।
শুক্রবার সকালে উপজেলার ওলিপুর এলাকার আব্দুল আহাদ মিয়ার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
নূরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুখলিছ মিয়া জানান, মামুন ওলিপুরে একটি বেসরকারি কোম্পানির কর্মরত ছিলেন। নিজামপুরের বাড়ি থেকে গিয়ে তিনি অফিস করতেন। তবে প্রায়ই ওলিপুরের উল্লেখিত বাসাটিতে তার বন্ধুদের নিয়ে রাতে থাকতেন।
বৃহস্পতিবার দিবাগত রাতেও একজন সহকর্মীসহ দু’জনকে নিয়ে ওই বাসায় রাতে থাকেন। পরদিন সকালে স্থানীয় একজন লোক মামুনের মরদেহ বাসার গেটে দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। মামুনের জিহ্বায় কামড় দেয়া অবস্থায় ছিল বলেও জানান ওই চেয়ারম্যান।
শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. আনিসুর রহমান বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনে আটক করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।