২৪ অক্টোবর ২০১৮


ঐক্যফ্রন্টের নেতারা আ. লীগের প্রোডাক্ট : কামরান

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট এক সময় আওয়ামী লীগেরই প্রোডাক্ট ছিল। তারা দেশে বিভ্রান্তি ছড়ানোর কারণেই আওয়ামী লীগ তাদেরকে বিতাড়িত করেছে। তাই তারা মনের দুঃখে এবার গঠন করেছেন ঐক্যফ্রন্ট। তা আবার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।’

বুধবার বেলা পৌনে ১২টার দিকে সিলেট নগরের কোর্ট পয়েন্ট থেকে প্রচারপত্র বিলি শুরু করার আগে এসব মন্তব্য করেন তিনি। এরপর কোর্ট পয়েন্ট থেকে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারপত্র জনসাধারণের কাছে বিলি করেছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা। পরে কোর্ট পয়েন্ট থেকে তারা মিছিল নিয়ে চৌহাট্টা এলাকায় গিয়ে প্রচারপত্র বিলি করেন। এসময় নেতারা গত পাঁচ বছরে আওয়ামী লীগ সরকারের উল্লেখযোগ্য কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

কামরান বলেন, ‘ঐক্যফ্রন্ট এ দেশকে ভিন্ন পথে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু তারা সফল হবে না। জনগণ তাদেরকে প্রতিহত করবে। গণতন্ত্র রক্ষার জন্য অত্যন্দ্র প্রহরী হিসেবে কাজ করবে আওয়ামী লীগ। বাংলাদেশের মানুষ আর ধ্বংস লীলা দেখতে চায় না। এদেশের মানুষ এখন অনেক শান্তিতে আছে।’

এসময় উপস্থিত ছিলেনম আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদসহ অনেকে।

শেয়ার করুন