২১ অক্টোবর ২০১৮
নিজস্ব প্রতিবেদক : ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টকে সিলেটে সমাবেশ করতে না দেওয়ায় হাইকোর্টে রিট দায়ের করেছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।
রোববার আদালতের অনুমতি নিয়ে এ রিট দায়ের করা হয়েছে।
গণফোরাম নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী জগলুল হায়দার আফ্রিক বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ২৩ অক্টোবর সমাবেশ করতে সিলেট পুলিশ কমিশনারের অনুমতি চাইলে তা নাকচ করা হয়। পরে ২৪ তারিখের জন্য চাওয়া হয়, সেটাও মৌখিকভাবে নাকচ করেছে। তাই রোববার আদালতের অনুমতি নিয়ে নেয়ার পর রিটের বাদী হয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমেদ।
রিট আবেদনে সমাবেশের অনুমতি না দেওয়া কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবেন না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। এছাড়াও সমাবেশ করতে দেওয়ার আবেদনও করা হয়েছে।
বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চে রিটের ওপর শুনানি হতে পারে।
স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজিপি, সিলেটের পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট পাঁচজনকে জনকে বিবাদী করা হয়েছে।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমেদ জানান, সমাবেশ গণতান্ত্রিক অধিকার। কিন্তু এটা অধিকার থেকে বঞ্চিত করায় হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।