১৯ অক্টোবর ২০১৮


সিলেটে সমাবেশ বন্ধ নয়, স্থগিত করা হয়েছে : কাদের

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক : জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ বন্ধ করা হয়নি, নিরাপত্তা জনিত কারণে স্থগিত করা হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার বিকেলে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের কাজ পরিদর্শনকালে তিনি এ দাবি করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যান তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এত বড় বড় জাতীয় নেতারা সিলেট যাবেন, তাদের নিরাপত্তা দেখতে হবে। সিলেটের সমাবেশ বন্ধ করা হয়নি, আপাতত স্থগিত করা হয়েছে।’

এক্যফ্রন্টের নেতারা জনগণের কাছে না গিয়ে বিদেশিদের কাছে ধরণা দিচ্ছে অভিযোগ করে কাদের বলেন, ‘ঐক্যফ্রন্টের গোড়াতেই গলদ। ঐক্যের শুরুটাই করেছে তারা বিদেশিদের নিয়ে। জনগণের কাছে না গিয়ে ঐক্যফ্রন্ট গেছে বিদেশিদের কাছে। ঐক্যফ্রন্ট বিদেশিদের আস্থায় আনতে চায়। জনগণের আস্থায় তাদের কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। যদি জনগণের প্রতি তাদের আস্থা থাকত, তাহলে ঐক্যফ্রন্ট গঠনের পর তারা জনগণের কাছে যেত।’

মওদুদ আহমদের সমালোচনা করে তিনি বলেন, ‘মওদুদ আহমদের গলার জোর ছাড়া কিছু নেই। তার চাপাবাজি ছাড়া আর কিছু নেই। রাস্তায় জনগণকে ডাক দিক না, জনগণ তাঁকে সাড়া দেয় কি না? তারা আন্দোলন কি জনগণ ছাড়া করবে? কেউ এখন আন্দোলনের দিকে তাকিয়ে নেই। সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দেবে, সেই আশা করে জনগণ নির্বাচনমুখী হয়ে পড়েছে। নির্বাচনমুখী জনগণকে ১৫ থেকে ২০ দিনে আন্দোলনমুখী করা কিছুতেই সম্ভব নয়।’

শেয়ার করুন