২২ জুন ২০১৭


আতর-টুপির দোকানে উপচে পড়া ভিড়

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : হোসাইন আহমদ, ঈদ উপলক্ষে নিজের পছন্দমতো টুপি কেনার জন্য একের পর এক টুপি দেখছেন। অবশেষে কাঙ্খিত টুপি পেয়ে তার মূল্যে পরিশোধ করে শপিং ব্যাগে ঢুকালেন। পরে তিনি পছন্দ অনুযায়ী একটি আতরও কিনেন। শুধু হোসাইন নয় সিলেট নগরীর পারফিউম ও টুপির দোকানগুলোতে আতর ও টুপি কেনার জন্য এভাবেই অসংখ্য ক্রেতাদের ভিড় লেগে আছে। আর আতর ও টুপি ব্যবসায়ীরা ব্যস্ততম সময়ও পার করছেন।

নগরীর সিলেট কেন্দ্রীয় জামে মসজিদ ও কুদরত উল্লাহ্ মার্কেটসহ আম্বরখানা, দরগা গেইট এলকায় আল-রব্বানী পারফিউমস, আশরাফিয়া আতর হাউস, লাকি স্টোর, আল-মক্কা আতর হাউস, আল-মদিনা আতর হাউস, বোরাক আতর সেন্টার, জামান আতর সেন্টার, খালেক আতর সেন্টার, এজাজ আতর সেন্টার, আফতাব পারফিউম ও ফুটপাতের সকল পারফিউম ও টুপির দোকানগুলো দেখা গেছে এমন চিত্র।

এবারের ঈদে দেশ-বিদেশের নানা মডেলের আতর ও টুপি সমাহার রয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন । ক্রেতাদের চাহিদা মাথায় রেখে পারফিউম ও টুপি কোম্পনীগুলো আকর্ষনীয় সুন্নাহ সামগ্রী তৈরী করেছে।

ব্যবসায়ীদের সাথে আলাপকালে জানা যায়, এবার ইউনাইটেড আরব আমিরাতের বিখ্যাত আল-হারামাইন কোম্পানীর বেশ কিছু মনোমুগ্ধকর পারফিউম এসেছে। এর মধ্যে সবচেয়ে আকর্ষনীয় ‘সাফা গোল্ড’। এছাড়াও আল-রেহাব কোম্পানীর ‘আনোয়ার’ নামক আতর বাজারে এসেছে, যেটি ক্রেতাদের দৃষ্টি আকর্ষন করতে সক্ষম হয়েছে।

এদিকে, ভারতীয় একাধিক কোম্পানীর পারফিউম সরবরাহ করা হচ্ছে। আল নাইস নামক কোম্পানীর ‘কাশ্মীরী গোল্ড’ খুবই প্রসিদ্ধ। এছাড়াও আলমাস কোম্পানীর ‘এরাবিয়ান উদ’নামক পারফিউম বিক্রি হচ্ছে। অন্যদিকে, পাকিস্তানের অসংখ্য কোম্পানীর পারফিউম বিক্রি হচ্ছে। এর মধ্যে দেশীয় আল ফারহান, কান্নোস, লাহোর, নেয়ামত কোম্পানীর পারফিউম ক্রেতাদের মন কাড়তে সক্ষম হয়েছে।

এবার পাকিস্তানের আল ছাইফ কোম্পানীর বিভিন্ন মডেলের টুপি বাজারে বিক্রি হচ্ছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।এছাড়াও মালেশিয়ার ‘মালশিয়’নামক টুপি বাজারে এসেছে। তবে টুপির ক্ষেত্রে বিদেশীর চেয়েও দেশীয় কোম্পানীর টুপি ক্রেতাদের চাহিদায় প্রধান্য পাচ্ছে। বিশেষ করে ফিরোজ কোম্পানী ও বাংলাদেশের পুরাতন টুপি উৎপাদনকারী আল-ফারুক কোম্পানী নতুন টুপির বাহার নিয়ে এসেছে। এছাড়াও শিশুদের জন্য আল-সাইফ কোম্পানী ‘সাইফ চুমকী, সাইফ পুথি’ ফিরোজ চুমকি, ফিরোজ চুমকি, ফিরোজ পুথি, আজিম চুমকি’নামক বাহারী টুপি বিক্রি হচ্ছে।

সিলেট কেন্দ্রীয় জামে মসজিদের পাইকারী ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান আল-রব্বানী পারফিউমস’র স্বত্ত্বাধিকারী সুলায়মান আল মাহমুদ জানান, ভাল মানের পন্য কেনার প্রতি ক্রেতাদের আকর্ষণ বেশী রয়েছে। বিদেশী টুপি সর্বনিম্ন ১২০ টাকা থেকে ১৫০০ টাকা পর্যন্ত বাজার দর রয়েছে। বিদেশী পারফিউম ক্রয় করতে ক্রেতাদের সর্বনিম্ন ২৯৫ টাকা থেকে সর্বোচ্চ ২২ হাজার টাকা গুনতে হচ্ছে ।

এজাজ আতর সেন্টার’র স্বত্ত্বাধিকারী এজাজুল ইসলাম বলেন,‘ এবারে দেশী দেশী টুপির সর্বনিম্ন ২০ টাকা থেকে সর্বোচ্চ ৪০০ টাকা বাজার দর রয়েছে এবং দেশী পারফিউমের ক্ষেত্রে সর্বনিম্ন ১০ টাকা থেকে সর্বোচ্চ ৫২০ টাকা ব্যয় করতে হচ্ছে ক্রেতাদের ।

আফতার পারফিউম সেন্টার’র পরিচালক মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী জানান, আসন্ন ঈদকে ঘিরে শিশুদের চুমকি ও পুথি নিয়ে বাজারে বাহারি টুপি এসেছে। সর্বনিম্ন ৫০ টাকা থেকে সর্বোচ্চ ৪০০ টাকা মূল্যে শিশুদের টুপি বিক্রি হচ্ছে।

দুবাইয়ের আল-হারামাইন পারফিউম কোম্পনীর সিলেট জেলার ডিলার সুলায়মান আল মাহমুদ জানান, সিলেট নগরীর ফুটপাত দোকানগুলো উচ্ছেদ করায় তাদের খুচরা বিক্রি বেড়েছে।

 

 

(আজকের সিলেট/২২ মে/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন