১৪ অক্টোবর ২০১৮
নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর পূর্ব ধোপা দিঘীরপাড় এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। এসময় প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
বেশ কয়েকদিন আগে এ এলাকার অবৈধ দখলদারদের মালামাল ও স্থাপনা সরিয়ে ফেলার নোটিশ দেয়ার পর রোববার সকালে উচ্ছেদ অভিযানে নামে সিটি কর্পোরেশন । উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।
জানা গেছে- নগরীর ধোপাদিঘীর পূর্ব পাড় দীর্ঘদিন থেকে বিভিন্ন ভুমিখেকো চক্রের দ্বারা দখল হয়ে আছে। শুধু ধোপাদিঘীর পাড়ই নয়, দিঘীর বিশাল অংশও ভোগ দখল করে আছে এই চক্র। এমনকি তারা দিঘী এবং সরকারি জায়গার উপর ছোট-বড় বিল্ডিং ও দোকানপাট তৈরি করে ব্যবসা পরিচালনা করছে। বিষয়টি নজরে আসলে গত নির্বাচনের আগে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদেরকে নোটিশ দেয়া হয়। নোটিশ পাওয়ার ২ মাস অতিবাহিত হলেও দখলদাররা জায়গা ছাড়েনি।
সিটি কর্পোরেশনের গণসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব জানান- সিলেট নগরীতে ‘ক্লিন সিলেট’ গড়ে তোলার লক্ষ্যে সিসিকের নানা পরিকল্পনার অংশ হিসেবে এ অভিযান। অভিযানে অবৈধ দখলদারদের ১ ঘণ্টা সময় দেয়া হয়েছে তাদের সবকিছু সরিয়ে নেয়ার জন্য। এরপর অবৈধ বিল্ডিং বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হবে।
এ ব্যাপারে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন- উচ্ছেদ হওয়া জায়গার উপর ভারতীয় হাইকমিশনের সহযোগিতায় ধোপাদিঘীকে খনন করে এর পাশে ওয়াকওয়েসহ সৌন্দর্য বর্ধনের কাজ শুরু হবে। অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়ে গেলে কিছুদিনের মধ্যে ধোপাদিঘী খননের কাজ শুরু হবে বলে তিনি জানান।