১০ অক্টোবর ২০১৮


হবিগঞ্জে কৃষক হত্যা মামলায় ২ জনের ফাঁসি

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে কৃষক বাছির হত্যা মামলায় শাকিউর রহমান চৌধুরী (৩৫) ও গাজিউর রহমান চৌধুরী (৩৮) নামে দুই আসামীর বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সাথে মামলার আরো ১৩ আসামীকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। নিহত কৃষক বাছির ওই গ্রামের মোঃ বদিউজ্জামান চৌধুরী পুত্র।

বুধবার দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম নাছিম রেজা এই রায় প্রদান করেন।

ফাঁসির আদেশপ্রাপ্ত শাকিউর রহমান চৌধুরী শিবপাশা গ্রামের আব্দুল হাই চৌধুরীর পুত্র ও গাজিউর রহমান চৌধুরী একই গ্রামের রমিজ মিয়া চৌধুরীর পুত্র। রায় ঘোষনার সময় শাকিউর রহমান আদালতে উপস্থিত থাকলেও গাজিউর রহমান পলাতক রয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৯ জুন রাত ১০ টার দিকে শাকিউর রহমান ও গাজিউর রহমান বাছিরকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। এর পর থেকেই তাকে আর খুজে পাওয়া যায়নি। পরে এ ঘটনায় ১৩ জুন নিখোঁজ বাছিরের পরিবারের পক্ষ থেকে আজমিরীগঞ্জ থানায় একটি জিডি দায়ের করা হয়। জিডি দায়েরের পর পুলিশ শাকিউর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে তার দেওয়া স্বীকারোক্তি মোতাবেক ২৪ জুন গ্রামের পার্শ্ববর্তী হাওরের জমির মাঠির নিচ থেকে বাছিরের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ওই দিন রাতেই নিহতের ভাই যীশু মিয়া চৌধুরী বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় উলে­খিত দুইজনসহ ১৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটি দীর্ঘ তদন্ত শেষে আজমিরীগঞ্জ থানার তৎকালীন এসআই সাজ্জাদুর রহমান ১৫ জনের বিরুদ্ধেই আদালতে চার্জশীট প্রদান করেন। মামলায় ১৯ জন স্বাক্ষীর মধ্যে ১৫ জনের স্বাক্ষ্য গ্রহন শেষ আজ এ রায় ঘোষণা করেন আদালত।

মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী হবিগঞ্জ জজকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট আব্দুল আহাদ ফারুক জানান, হত্যাকান্ডে জড়িত দুই ব্যক্তির উপযুক্ত শাস্তি হয়েছে। রায়ে বাদীপক্ষের পরিবারও সন্তোষ প্রকাশ করেছেন বলে তিনি জানান।

শেয়ার করুন