১০ অক্টোবর ২০১৮
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে হত্যা মামলায় অরবিন্দু দাশ নামে এক ব্যক্তির মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আমজাদ হোসেন এ রায় ঘোষণা করেন।
এছাড়াও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তার সম্পত্তি বিক্রি করে তা আদায়ের নির্দেশ দেয়া হয়। দন্ডপ্রাপ্ত অরবিন্দু দাশ নবীগঞ্জ উপজেলার চৌকি গ্রামের মনিন্দ্র দাশের পুত্র।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৯ সালের ১১ ফেব্রুয়ারী রাত ১০টায় বানিয়াচং উপজেলার চন্ডিপুর গ্রামের সত্যজিৎ দাশ গ্রামের মাঠে কির্তণ শুনতে যায়। এরপর থেকে সে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজের চারদিন পর ১৫ ফেব্রুয়ারী বিকেলে গ্রামের শ্মশানঘাট সংলগ্ন ডোবা থেকে হাত বাঁধা অবস্থায় তার গলিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় তার বোন অনিকা রাণী দাশ বাদি হয়ে ১৬ ফেব্রুয়ারী অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত শেষে একই বছরের ১৩ জুন ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। রাষ্ট্রপক্ষে ১৮ জন সাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে বিচারক মামলার রায় ঘোষণা করেন। মামলার অপর ৮ আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেয়া হয়।
হবিগঞ্জের কোর্ট ইন্সপেক্টর কাজী কামাল হোসেন আদালতের বরাত দিয়ে এর সত্যতা নিশ্চিত করেন।