২ অক্টোবর ২০১৮

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরে পিকআপ ভ্যানের চাপায় মাসুদ মিয়া (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত মাসুদ মিয়া শহরের উত্তর শ্যামলী এলাকার সানোয়ার মিয়ার পুত্র।
মঙ্গলবার সকালে শহরের রওশন রেজা এম্পায়ার মার্কেটের সামনে দূর্ঘটনাটি ঘটে।
এদিকে, এসময় অল্পের জন্য দূর্ঘটনা থেকে বেচে গেলেন হবিগঞ্জ ২ আসন (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান সকালে হাটাহাটির জন্য তার সাথে কয়েক জন ব্যক্তিকে নিয়ে বাহির হন। হাটাহাটির এক পর্যায়ে শহরের রওশন রেজা এম্পায়ার মার্কেটের সামনে পৌছলে একটি পিকআপ ভ্যান রাস্তা ক্রস করে উল্টে দিকে এসে তাদেরকে চাপা দেয়।
এতে সংসদ সদস্য আক্ষত থাকলেও তার সাথে থাকা মাসুদ মিয়া নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন। ঢাকা নেয়ার পথিমধ্যে শায়েস্তাগঞ্জ এলাকায় পৌছলে মাসুদ মিয়া মারা যায়।
হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) তদন্ত মোঃ জিয়াউর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, মাসুদ আলীকে ঢাকায় নেয়ার পথে মারা গেছে। এছাড়াও এ ঘটনায় সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান অক্ষত আছেন। এ ঘটনায় জড়িত পিকআপ ভ্যান ও চালককে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।