২ অক্টোবর ২০১৮
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে হত্যা মামলার ২৩ বছর পর যাবতজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী কবির মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯। সে বাহুবল উপজেলার ঘোষপাড়া গ্রামের গেদা মিয়ার পুত্র।
মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান।
তিনি জানান, সোমবার দিবাগত রাতে মৌলভী বাজার শহরের কুসুমবাগ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, ১৯৯৫ সালে ২৫ আগস্ট বাহুবলের লস্করপুর রেল স্টেশন এলাকায় আব্দুর রহমান নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। পরে এ ঘটনায় বাহুবল থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় যাবতজ্জীবন সাজা হয় গ্রেফতাকৃত কবিরের। দীর্ঘ দিন যাবত সে পলাতক ছিল।
মঙ্গলবার দুপুরে তাকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।