২৯ সেপ্টেম্বর ২০১৮
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে শশুর বাড়ি থেকে নিখোঁজের ৫দিন পর কাউছার আহমেদ (২৮) নামে এক জামাতার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকাল ৩ টার দিকে সদর উপজেলার রুয়াইল হাওর থেকে মরহেদটি উদ্ধার করা হয়।
সে শহরতলীর উমেদনগর গ্রামের মৃত আকল মিয়ার ছেলে। পরে মরদেহটি ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় কাউছারের শশুর ও স্ত্রীসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (২৪) সেপ্টেম্বর কাউছার সদর উপজেলার টঙ্গিরঘাট গ্রামে তার শশুর মকছুদ আলীর বাড়িতে বেড়াতে যায়। এর পর থেকেই সে নিখোজ ছিল।
পরে এ ঘটনায় কাউছারের পরিবারের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হলে পুলিশ বিষয়টি নিয়ে তদন্তে নামে। এক পর্যায়ে শনিবার সকালে কাউছারের স্ত্রী সুখবানু ও শশুর মকছুদ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য মতে হাওর থেকে কাউছারের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি তদন্ত জিয়াউর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদের জন্য কাউছারের শশুর, স্ত্রী ও শাশুড়ি খাইরুন্নেছাকে আটক করা হয়েছে। এ বিষয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।