২৪ সেপ্টেম্বর ২০১৮
নিজস্ব প্রতিবেদক : নগরীর দাঁড়িয়াপাড়ায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতের কোনো এক সময় জল্লারপার দাঁড়িয়াপাড়া রোডের মেইন সড়কের পাশে মেঘনা বি/১৭ নম্বর বাসায় এই ঘটনা ঘটে।
চুরি যাওয়া ঘরের বাসিন্দা নাসির উদ্দিন জানান, চুর ঘরের তালা ভেঙে একটি দামি ল্যাপটপ, একটি ট্যাব, দুই ভরি স্বর্ণালঙ্কারসহ আনুমানিক চার লাখ টাকার মতো মালামাল নিয়ে গেছে। বিষয়টি তারা এসএমপির কোতোয়ালী থানা পুলিশকে অবহিত করেছেন। চারদিকে সিকিউরিটি গার্ড থাকা অবস্থায় মেইন রোডের পাশে এই চুরি নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন।
তিনি জানান, তার নানী মারা যাওয়ায় ঘর তালা দিয়ে পরিবারের সবাই নানাবাড়ি গিয়েছিলেন। তাই কয়েকদিন তারা বাসায় ছিলেন না। সোমবার সকালে প্রতিবেশীরা ঘরের তালা ভাঙা দেখে তাদের খবর দিলে তিনি এসে এই ঘটনা দেখেন।
এসএমপি কোতোয়ালী থানার লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহীন জানান, চুরির খবর তারা পেয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে করেছে। বিষয়টি তারা তদন্ত করছেন।