৮ সেপ্টেম্বর ২০১৮


‘উন্নয়নের পূর্ব শর্ত শিক্ষা’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মৃনাল কান্তি দাশ বলেছেন, শিক্ষা উন্নয়নের পূর্ব শর্ত। নিরক্ষরতার অভিশাপ থেকে দেশের নিরক্ষর মানুষদের মুক্ত করতে আমাদের অবস্থান থেকে প্রচেষ্টা চালাতে হবে এবং দায়িত্ব পালন করতে হবে। এটা উন্নয়নের অন্তরায়।

শনিবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ১৯৬৫ সালে ইরানের রাজধানী তেহরানে ৮৭ দেশের শিক্ষামন্ত্রী ও গবেষকরা ৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেন। ১৭ নভেম্বর ইউনেস্কো ৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করে। ব্যক্তি, গোষ্ঠী ও সমাজের মধ্যে শিক্ষার প্রয়োজনীয়তা ও তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে দিবসটি নির্ধারণ করা হয়। ১৯৬৬ সালে বিশ্বে প্রথম আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়। স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে প্রথম সাক্ষরতা দিবস উদযাপিত হয়।

‘সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানের মতো সিলেটে ও সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান নানা কর্মসূচির আয়োজন করে।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগ ও সিলেটে কর্মরত বিভিন্ন এনজিওর সহযোগিতায় সকাল ১০টায় র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু শাফায়াৎ মুহাম্মদ শাহেদুল ইসলামের সভাপতিত্বে ও জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট সুচন্দা রায়ের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মৃনাল কান্তি দাশ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, সিলেটের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক নজরুল ইসলাম ভূইয়া। বক্তব্য রাখেন সিলেট জেলা শিক্ষা অফিসার গোলজার আহমদ খান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওবায়দুল্লাহ, সাংবাদিক আফতাব চৌধুরী, দৈনিক সিলেটের ডাক এর সিনিয়র রিপোর্টার এম আহমদ আলী, এনজিও প্রতিনিধিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এওয়ার্ডের নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ, রিডোর নির্বাহী পরিচালক নাসির উদ্দিন, কারিতাস এর আঞ্চলিক ব্যবস্থাপক পিইস নানোয়ার, জাগরণী চক্র ফাউন্ডেশনের ডিটিএল আব্দুল বাকী প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন রফিকুল ইসলাম, গীতা পাঠ করেন গীতা রানী দাশ।

শেয়ার করুন