৬ সেপ্টেম্বর ২০১৮
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে সিলেট-ঢাকা মহাসড়কের সাতাইহাল এলাকায় বুধবার সন্ধ্যায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত দু’জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন মোটরসাইকেল আরোহী ও অন্যজন সিএনজি অটোরিকশা আরোহি। নিহতরা হলেন-নবীগঞ্জ উপজেলার স্বস্তিপুর গ্রামের বারিন্দ্র সরকারের ছেলে ইরেশ সরকার (২৮) ও একই উপজেলার করগাঁও গ্রামের সুরুজ মিয়ার ছেলে সোহেল মিয়া (৩২)।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
শেরপুর হাইওয়ে থানার ওসি বিমল চন্দ্র দাশ জানান, মোটরসাইকেল ও সিএনজি চালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা যাত্রী ইরেশ এবং মোটরসাইকেল আরোহী সোহেলসহ আটজন আহত হন।
আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ইরেশ ও সোহেল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।