৬ সেপ্টেম্বর ২০১৮
বিয়ানীবাজার প্রতিনিধি : বিয়ানীবাজারের সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি পাইপগান ও দু’রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হলেও সন্ত্রাসীদের আটক করা সম্ভব হয়নি।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বারইগ্রাম ব্রীজের নিচে কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে জেনে পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে পুলিশ তাদের ফেলে যাওয়া একটি পাইপগান ও দু’রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে।
সন্ত্রাস দমনে রাতের বেলার এ অভিযানে অংশ নেন জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মস্তাক সরকার, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মো. শাহজালাল মুন্সি, ওসি (তদন্ত) জাহিদুল হক।
বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) জাহিদুল হক বলেন, অস্ত্র ও গুলি উদ্ধারের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পাশাপাশি এ গুলোর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।