১ সেপ্টেম্বর ২০১৮
ডেস্ক রিপোর্ট : আজ ১ সেপ্টেম্বর বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে তত্কালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দল গঠন করেন। দীর্ঘ ৩৯টি বছরে সংঘাত-বিক্ষোভ, চড়াই-উতরাইয়ের পথপরিক্রমায় বিএনপি আজ দেশের অন্যতম বড় রাজনৈতিক দল।
১৯ দফা কর্মসূচির আলোকে প্রতিষ্ঠার পাঁচ মাসের মাথায় ১৯৭৯ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০০টি আসন লাভ করে। এ দলের নেতা-কর্মীরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে অবস্থানকালে সেনাবাহিনীর একটি গ্রুপের হামলায় তিনি নিহত হন। বিএনপি দেশ শাসন করেছে ১৮ বছর।
২০০১ সালে ক্ষমতায় এসে পাঁচ বছর দায়িত্ব পালন করে ২০০৬ সালের অক্টোবরে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেয়। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপিকে কিছু প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তে হয়। কারাগারে নিক্ষিপ্ত হন দলের নেত্রী খালেদা জিয়া ও তারেক রহমান। তারেক রহমান লন্ডনে যান চিকিত্সা নিতে। এখনও সেখানে তিনি।
২০১৪ সালের সর্বশেষ নির্বাচন বর্জন করে বিএনপি। শীর্ষস্থানীয় প্রায় সব নেতাকে একাধিকবার কারাগারে যেতে হয়েছে। এই রাজনৈতিক পরিস্থিতির মধ্যে বিএনপি আজ তার প্রতিষ্ঠা দিবস পালন করতে যাচ্ছে।
(আজকের সিলেট/১ সেপ্টেম্বর/ডি/এমকে/ঘ.)