৩০ আগস্ট ২০১৮


ভোলাগঞ্জে ডাকাতিকালে অপহৃত তরুণীর হদিস মিলেনি

শেয়ার করুন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সড়কে তেলিখাল নামক স্থানে বুধবার রাতে দূর্ধুর্ষ ডাকাতি ও এক তরুণী অপহরণের ঘঠনা ঘঠেছে। সিএনজি অটোরিক্সার চালকসহ অপর তরুণীসহ দুই যাত্রীর টাকা-পয়সাও নিয়ে গেছে ডাকাতরা। তরুণীকে বহনকারী সিএনজি অটোরিক্সার চালক নিজে কোম্পানীগঞ্জ থানায় গিয়ে অবহিত করেন।
কোম্পানীগঞ্জ উপজেলার মাঝেরগাঁওয়ের জাহাঙ্গির আলমের পুত্র লিটন আহমদ (৩০) ছিলেন ডাকাতির শিকার সিএনজি অটোরিক্সার চালক। ডাকাতির ঘটনাটি কোম্পানীগঞ্জ থানায় গিয়ে পুলিশের কাছে তুলে ধরেন। তার ঐ গাড়িতে ২০/২৫ বছর বয়সী একজন তরুণী যাত্রীও ছিলেন। গাড়িটি তেলিখাল পেট্রোল পাম্পের কাছে আসামাত্র ১০/১২ জনের একদল মুখোশধারী ডাকাত তার গাড়িতে হানা দেয়। এ সসময় তারা চালকসহ তিন যাত্রীর মোবাইল ও টাকা পয়সা নিয়ে যায়। একপর্যায়ে অস্ত্রের মুখে জিম্মি করে গাড়ির যাত্রী তরুণীকে টেনে হেঁচড়ে নিয়ে যায়।

লিটন আহমদ জানান, এ সময় আরো দুটি সিএনজি অটোরিক্সায় ডাকাতির ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হাই অপহরণের বিষয়ে সন্দিহান হয়ে বলেন, মেয়েটির পরিবার পরিজন এখন পর্যন্ত কোন অভিযোগ করেনি। তাই কিভাবে বুঝবো মেয়ে অপহরণ হয়েছে। ডাকাতির বিষয়ে রোধ করতে সড়কে টহল জোরদার করা হয়েছে।

অপরদিকে, বুধবার সন্ধ্যায় ছাতক কোম্পানীগঞ্জ সড়কের লামনি গ্রামের সামনে এক পাথর ব্যবসায়ীর কাছ থেকে ২ লাখ ৭০ হাজার টাকা নিয়ে গেছে ডাকাতদল।

ডাকাতির শিকার উপজেলার টুকেরগাঁওয়ের জালাল আহমদ জানান, তিনি ছাতক আমবাড়ি এলাকা থেকে ব্যবসার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। ব্যাংক বন্ধ হয়ে যাওয়ায় পাথর বিক্রির টাকা সঙ্গে নিয়ে আসছিলেন তিনি। আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। লামনিগাঁও নামক স্থানে আসামাত্র ৬/৭ জনের মুখোশধারী ডাকাতদল তার মোটরসাইকেলের গতিরোধ করে। তারা অস্ত্রেরমুখে জিম্মি করে সঙ্গে থাকার নগদ ২ লাখ ৭০ হাজার টাকা নিয়ে যায়। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দেবেন বলে জালাল আহমদ জানান।

একটি সূত্র জানায়, কোম্পানীগঞ্জের বর্ণি এলাকা ডাকাতদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই এখানে ডাকাতির ঘটনা ঘটছে। ভাঙ্গাচোরা রাস্তার সুযোগ নিচ্ছে ডাকাত দল। এ ব্যাপারে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর জোরালো পদক্ষেপ না থাকায় ডাকাতরা অপ্রতিরোধ্য হয়ে উঠছে বলে জানিয়েছে স্থানীয় জনসাধারণ।

(আজকের সিলেট/৩০ আগস্ট/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন