২ সেপ্টেম্বর ২০১৮


দখল-দূষণে অস্তিত্ব সংকটে তিনকোনা পুকুর

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : দখল আর দূষণে অস্তিত্ব হারাচ্ছে হবিগঞ্জ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ঐতিহ্যবাহী তিনকোনা পুকুর। অব্যাহত দখল ও পার্শ্ববর্তী ব্যবসা প্রতিষ্ঠানের ময়লা ফেলায় গত কয়েক বছরে পুকুরের আকৃতি হয়েছে ছোট। তাছাড়া পুকুরের দক্ষিণপাড়ে সড়কের পাশে গড়ে উঠেছে কার, মাইক্রোবাসের অবৈধ স্ট্যান্ড। এছাড়া পৌরসভার ভূমি বন্দোবস্ত নেয়ার সুযোগে পুকুরের পূর্ব পাড়ে গড়ে উঠেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান।

স্থানীয়রা জানান, অতীতে লাল শাপলা ফুল শোভিত এই পুকুরে প্রচুর মাছ পাওয়া যেত। এখন আর শাপলা ফুলের চিহ্ন মাত্র নেই। প্রতিনিয়ত পুকুরের পানি দিয়ে গাড়ি ধোঁয়ার কারণে পানি দূষিত হওয়া ছাড়াও পুকুরের পাড় ভেঙ্গে পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ সড়কটিও একপাশে দেবেও যাচ্ছে। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে মাটি ভরাট ও আবর্জনা ফেলে পুকুরটি সংকুচিত করা হচ্ছে। এ কারণে জরুরীভাবে পুকুর রক্ষায় পদক্ষেপ না নিলে তা অস্তিত্ব হারাবে বলে মনে করছেন তারা।

হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি.কে গউছ জানান, পুকুরের সৌন্দর্য্য রক্ষা ও পার্শ্ববর্তী সড়কটির ভাঙ্গন রোধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

(আজকের সিলেট/২ সেপ্টেম্বর/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন