২৭ আগস্ট ২০১৮
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে ব্যঙ সাদৃশ্য একটি ছাতার উপর আম গাছ পড়ে ছাতাটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে।
সোমবার সকালে লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ ব্যবস্থাপনা কমিটি ও বন বিভাগের লোকজনের সাথে আলাপকালে জানা যায়, লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর পর্যটনদের আকৃষ্ট করতে তিন মাস আগে তিনটি স্থানে প্রায় পৌনে চার লক্ষ টাকা ব্যয়ে ব্যঙ সাদৃশ্য তিনটি ছাতা তৈরি করা হয়েছিল। পর্যটকদের বিশ্রাম, ঝড় বৃষ্টির কবল থেকে পর্যটকদের রক্ষায় নিরাপদস্থল হিসাবে ব্যবহারের উদ্দেশ্যে ছাতাগুলো নির্মাণ করা হয়। গত কয়েক দিন আগের টানা বর্ষণ ও ঝড়ে বন বিভাগের কার্যালয় সংলগ্ন রেল লাইনের পাশে নির্মিত একটি ছাতার উপর বড় একটি আম গাছ উপড়ে পড়লে ওই ছাতাটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। এতে সোয়া লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বনবিভাগ ও সহ ব্যবস্থাপনা কমিটি।
এ ব্যাপারে লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির এডমিন আবজাল হোসেন জানান, আমরা পর্যটকদের আকৃষ্ট করতে ও বনের ভেতর ঝড় বৃষ্টিতে বাঁচাতে প্রায় পৌনে চার লক্ষ টাকা ব্যয় করে তিনটি স্থানে ব্যাঙ সাদৃশ্য তিনটি ছাতা নির্মাণ করার তিন মাসের মধ্যেই ঝড়ে বড় একটি আমগাছ উপড়ে পড়ে একটি ছাতা সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। শীঘ্রই সেটিকে পুনর্নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
(আজকের সিলেট/২৭ আগস্ট/ডি/কেআর/ঘ.)