২০ আগস্ট ২০১৮


কমছে গরম, বৃষ্টি থাকছে ঈদের সকালে

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সপ্তাহজুড়ে পুরো সিলেটে ছিল অসহনীয় গরম। এরই ধারাবাহিকতায় সোমবারের সকালটা রোদের তীব্রতা দিয়ে শুরু হলেও দুপুর গড়াতে সিলেটের কোথাও কোথাও দেখা মিলেছে দু-একফোটা বৃষ্টির। সেই সাথে বাতাসও ছিল প্রকৃতির আগুন নেভানোর মতো। তবে তা বেশিক্ষণ স্থায়ী হলো না। আর প্রতীক্ষার বৃষ্টি তো দেখা দিয়েই নেই!

খবরও ছিলো সিলেটে সপ্তাহ জুড়েই থাকবে অসহনীয় গরম, সেই সাথে ১৯ আগস্ট কথা ছিল বৃষ্টির। কথামতো গরম পড়লো ঠিকই, কিন্তু বৃষ্টি আসলো না। আগের দিনের বৃষ্টি শুধু আলতো করে ছোঁয়া দিয়ে গেলো আজ। যদিও টানা বৃষ্টি হয়নি তবুও আশার কথা হলো- কমতে শুরু করেছে সিলেটের দাবদাহ। সেই সাথে আগামী দিনগুলোতে তাপমাত্রা আরো সহনীয় হবে বলে জানিয়েছেন সিলেটের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী।

সিলেট আবহাওয়া অফিসের দেয়া তথ্য মতে- গত শুক্রবার সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তা একলাফে বেড়ে দাঁড়ায় ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। রোববার তা সামান্য কমে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। তাপমাত্রা এই সাইত্রিশের ঘরে ওঠা নামায় তিব্র গরমে সিলেটে এক অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হয়। বাসাবাড়ি থেকে বের হওয়া কঠিন হয়ে পড়ে।

ঠিক এ অবস্থায় সোমবার সকালের তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকলে দুপুরের পর তা কিছুটা সহনীয় পর্যায়ে চলে আসে।

সিলেটের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান- আজকের (সোমবার) তাপমাত্রা ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস। তা আগামী দিনগুলোতে ৩৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে। এমনকি ঈদের দিনেও তাপমাত্রা সহনীয় থাকবে বলে জানান তিনি।

এদিকে গত কয়েক দিনের চরম গরমে বৃষ্টির জন্য মানুষের হাহুতাশ, প্রতীক্ষা। এ অবস্থায় আশার খবর হলো- খুব বেশি পরিমাণ না হলেও রাতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবারও বৃষ্টি হবে সিলেটে। বাদ যাবে না ঈদের সকালও।

সাঈদ আহমদ চৌধুরী জানান- ঈদের সকালে ভোরের দিকে সিলেটজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে খুব বেশি পরিমাণে নয়। আর ঈদ দিন পেরিয়ে রাত থেকে প্রচুর বৃষ্টির সম্ভাবনা। তবে তাপমাত্রা আর খুব বেশি বাড়বে না বলে তিনি জানান।

(আজকের সিলেট/২০ আগস্ট/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন