১৮ আগস্ট ২০১৮


বিয়ানীবাজারে নানকার কৃষক বিদ্রোহ দিবস পালিত

শেয়ার করুন

বিয়ানীবাজার প্রতিনিধি : আজ ঐতিহাসিক নানকার কৃষক বিদ্রোহ দিবস। সিলেট অঞ্চলে জমিদারি প্রথার বিরুদ্ধে গৌরবময় কৃষক আন্দোলনের স্মৃতিবিজড়িত একটি দিন। দিবসটি উপলক্ষে বিয়ানীবাজারে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার নানকার বিদ্রোহের রক্তাক্ত স্মৃতিবিজড়িত সুনাই নদী তীরবর্তী নানকার স্মৃতিসৌধে প্রথমে শহীদদের প্রতি এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।

এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, নানকার বিদ্রোহ স্মৃতি পাঠাগার, উলুউরি সমাজকল্যাণ সংগঠন, বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ড, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ আওয়ামী লীগ তিলপাড়া শাখা, জার্নালিস্ট এসোসিয়েশনসহ অন্যান্য সংগঠন।

বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ডের সভাপতি আব্দুল ওদুদের পরিচালনায় বক্তব্য রাখেন শহীদ ব্রজনাথ দাস চটই এর পরিবারের সদস্য ও নানকার বিদ্রোহ স্মৃতি পাঠাগারের সদস্য সপ্তর্ষি দাস, কমিউনিস্ট পার্টির বিয়ানীবাজার শাখার সাধারণ সম্পাদক আনিসুর রহমান, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান খান, জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহমেদ ফয়সাল, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মজির উদ্দিন আনসার।

আলোচনা সভা শেষে উন্মোচন করা হয় নানকার বিদ্রোহ স্মৃতি পাঠাগারের ষাণ্মাসিক পত্রিকা ‘নানকার সমাচার’।

প্রসঙ্গত, প্রতিবছর দিবসটি পালন করা হয় অধিকার আদায়ের চেতনা দীপ্ত প্রতীক হিসেবে। জমিদারি প্রথার বিরুদ্ধে বিদ্রোহের ধারাবাহিকতায় ১৯৪৯ সালের এই দিনে সিলেটের বিয়ানীবাজার উপজেলার সানেশ্বরে-উলুউরির মধ্যবর্তী সোনাই নদীর তীরে পুলিশের গুলিতে শহীদ হন পাঁচ কৃষক। এরও আগে এই আন্দোলনে প্রাণ হারান আরেকজন কৃষক।

(আজকের সিলেট/১৮ আগস্ট/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন